২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গত বছর ছিলেন কোচ, সেই কালিম এশিয়া কাপে রেকর্ড গড়লেন ভারতের বিপক্ষে

ওমানে গিয়ে জীবিকার তাগিদে তোশক কোম্পানি ও রেস্টুরেন্টে কাজ করেছেন আমির কালিম, সেই তিনিই ৪৩ বছর বয়সে দারুণ ব্যাটিংয়ে গড়লেন স্মরণীয় কীর্তি।

গত বছর ছিলেন কোচ, সেই কালিম এশিয়া কাপে রেকর্ড গড়লেন ভারতের বিপক্ষে
রেকর্ড গড়া ইনিংস খেলে ফিরছেন আমির কালিম। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 02:16 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

এই তো, বছরখানেক আগেও আমির কালিম ভেবেছিলেন, তার খেলোয়াড়ি জীবন শেষ। বয়স তখন ৪২ পেরিয়ে গেছে। কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করে সাফল্যের দেখাও পেয়েছেন ততদিনে। তার কোচিংয়ে থাইল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ডিভিশন-২ এশিয়ান বাছাইয়ে শিরোপা জিতেছে ওমান। কে জানত, নিয়তি তার জন্য লিখে রেখেছে গৌরবের নতুন অধ্যায়!

ওমানের ক্রিকেটের বড় এক সঙ্কটের সময়ে কালিম আবার পায়ে জড়িয়েছেন প্যাড, হাতে তুলে নিয়েছেন গ্লাভস-ব্যাট। পুরনো পরিচয়ে নতুন অধ্যায়ে দারুণ মাইলফলক গড়লেন তিনি এশিয়া কাপের ম্যাচে। ওমানের অলরাউন্ডার ভারতের বিপক্ষে আবু ধাবিতে শুক্রবার ৪৬ বলে ৬৪ রানের ইনিংস উপহার দিলেন ৪৩ বছর ৩০৩ দিন বয়সে। 

আইসিসির সব সদস্য দেশ টি-টোয়েন্টি মর্যাদা পেয়ে যাওয়ার পর বিচিত্র সব রেকর্ড নিত্যই হয় এই সংস্করণে। আন্তজার্তিক টি-টোয়েন্টিতে কালিমের চেয়ে বেশি বয়সে পঞ্চাশ ছোঁয়ার নজির আছে যেমন আরও ২১টি। অবিশ্বাস্য হলেও সত্যি, লুক্সেমবার্গের টনি হোয়াইটম্যান ২০২১ সালে মাল্টার বিপক্ষে ফিফটি করেছেন ৫২ বছর ১০১ দিন বয়সে। 

তবে কালিমের অর্জনের গৌরব একটি জায়গায় সবচেয়ে উজ্জ্বল। পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে সবচেয়ে বেশি বয়সে ফিফটি ছুঁলেন এই বাঁহাতিই।

এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ বছর ২৯৪ দিন বয়সে ফিফটি করেছিলেন ক্রিস গেইল। সহযোগী দেশের কোনো ব্যাটসম্যান পূর্ণ সদস্য দেশের বিপক্ষে ফিফটি করতে পারেননি ৪০ বছর বয়সেও। ৩৮ বছর ৮৩ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে ২০২২ সালে অর্ধশতক করেছিলেন নামিবিয়ার ক্রেইগ উইলিয়ামস। তার চেয়ে প্রায় ছয় বছর বেশি বয়সে ভারতের সঙ্গে ইনিংসটি খেললেন কালিম।

ব্যাটিংয়ের আগে বল হাতেও সাফল্য পেয়েছেন আমির কালিম। ছবি: রয়টার্স।

ব্যাটিংয়ের আগে বল হাতেও সাফল্য পেয়েছেন আমির কালিম

অথচ ২০২২ সালেই তার খেলোয়াড়ি জীবন একরকম শেষ হয়ে গিয়েছিল। তার ক্যারিয়ার ছিল ৩৩ টি-টোয়েন্টি আর তিন ওয়ানডের। কোচিং ক্যারিয়ারকে আপন করে নিতে শুরু করেছিলেন তিনি। কিন্তু সব বদলে গেল ওমান ক্রিকেটের টালমাটাল সময়ে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানির অর্থ না পাওয়ার প্রতিবাদে বিশ্বকাপ স্কোয়াডের ১৫ ক্রিকেটারের ১১ জনই দল থেকে সরিয়ে নেন নিজেদের। 

সেই প্রতিবাদ আইসিসির নজরে আসার পর অবশ্য প্রাইজমানির দুই লাখ ২৫ হাজার ডলার ক্রিকেটারদের কাছে তুলে দিতে সম্মত হয় বোর্ড। প্রক্রিয়াগত কারণে দেরি হয়েছে বলেও দাবি করে তারা। কিন্তু অর্থ পরিশোধ করলেও প্রতিবাদ করা ওই ১১ ক্রিকেটারকে বোর্ডের চুক্তি থেকে বাদ দেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন অধিনায়ক আকিব ইলিয়াস, সাবেক অধিনায়ক জিশান মাকসুদসহ অভিজ্ঞ ও সম্ভাবনাময় মিলিয়ে বেশ কজন ক্রিকেটার। তাদের বেশির ভাগকেই ওমান ছেড়ে নিজ দেশে ফেরত যেতে হয়। 

সেই বিপর্যস্ত সময়ে বোর্ডের ডাকে সাড়া দিয়ে কোচ কালিম আবার হয়ে ওঠেন ক্রিকেটার। এই প্রত্যাবর্তনের মতো ওমানের ক্রিকেটে তার সম্পৃক্ততার শুরুটাও কম রোমাঞ্চকর নয়। 

কালিমের জন্ম ও বেড়ে ওঠা করাচিতে। সেখানেই খেলতেন ক্লাব ক্রিকেটে। জীবিকার তাগিদে ২০০৪ সালে করাচি থেকে পাড়ি জমান তিনি ওমানে। সেখানে কাজ শুরু করেন তোশক কোম্পানিতে ডেলিভারিম্যান হিসেবে। মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরমে শিপমেন্টের কাজ করতে গিয়ে ফোস্কা পড়ে যেত তার শরীরে। 

ভাগ্যের মোড় বদল হয় কয়েক বছর পরে, তিনি যখন কাজ করতেন ‘প্যাসেজ টু ইন্ডিয়া’ নামে ভারতীয় রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টের মালিক ছিলেন ক্রিকেটপ্রেমী। একটি ক্লাবও চালাতেন তিনি। তাকে নিজের ক্রিকেট প্রেমের কথা বলেন কালিম। ক্লাবে ট্রায়াল দিয়ে নজর কাড়েন। ক্লাবটি যিনি চালাতেন, সেই কে কে মোহনদাস নিজেই তাকে ক্রিকেটের সরঞ্জাম ও পোশাক কিনে দেন, রেস্টুরেন্টের কাজ থেকে ছুটির ব্যবস্থাও করে দেন তিনি প্রয়োজনের সময়। 

দ্রুতই উন্নতির পথ ধরে ছুটে ২০১২ সালে ওমানের হয়ে খেলার সুযোগ হয়ে যায় তার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের খেলা দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৫ সালে।

এরপর ২০২২ সালে থেমে যাওয়া পথের নতুন শুরু ১০ মাস আগে। গত নভেম্বরে প্রত্যাবর্তনের পর আরও ১৪ টি-টোয়েন্টি ও ১২ ওয়ানডে তিনি খেলেছেন এখনও পর্যন্ত। ক্যারিয়ারজুড়ে তার মূল পরিচয় ছিল স্পিনিং অলরাউন্ডার। তিন নম্বরে মাঝমধ্যে ব্যাট করলেও বেশির ভাগ সময় মিডল অর্ডার ও লোয়ার-মিডল অর্ডারেই দেখা যেত তাকে। সেই কালিম এখন দলের প্রয়োজনে টি-টোয়েন্টি, ওয়ানডে দুই সংস্করণেই ওপেন করছেন নিয়মিত। 

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭২ রানের ইনিংস খেলেছেন, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি। এবার তো ভারতের বিপক্ষে স্মরণীয় অলরাউন্ড পারফরম্যান্সই মেলে ধরলেন। বল হাতে দুটি উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে করলেন রেকর্ড গড়া ফিফটি। 

ফিফটি করে হেলমেট খুলে দুহাত প্রসারিত করে উল্লাসে মেতে উঠে, পরে সিজদা দিয়ে, দীর্ঘসময় ধরে যেভাবে উদযাপন করেছেন, সেটিই বলে দেয় কতটা আকাঙ্ক্ষিত তার এই ইনিংস। ডাগআউটে থাকা সবাই, গ্যালারির দর্শকদের অনেকেও দাঁড়িয়ে অভিনন্দন জানান তাকে।

শেষ পর্যন্ত সাতটি চার ও দুটি ছক্কায় ৪৬ বলে ৬৪ করে আউট হন হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ক্যাচে।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ওমানের অধিনায়ক জাতিন্দার সিং বললেন, ৪৪ ছুঁইছুঁই বয়সেও অনেক জায়গায় দলের ভেতর সবচেয়ে এগিয়ে কালিম।

“অনুশীলনে এখনও মাঠের সবচেয়ে প্রাণশক্তিময় সে। ৪০ পেরিয়েও সে দলের সবচেয়ে বেশি শৃঙ্খলাবদ্ধ। মাঠে সে এখনও বিদ্যুৎগতির। মাঠে প্রচুর প্রাণশক্তি বয়ে আনে সে এবং অনেক স্কিলফুল। সে আমাদের দলের অংশ হওয়ায় আমরা কৃতজ্ঞ।”

এই ম্যাচে তিন নম্বরে নেমে ৩৩ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন কালিমের সতীর্থ হাম্মাদ মির্জা। ভারতের ১৮৮ রান তাড়ায় দারুণ লড়াই করে ২১ রানে হেরে যায় ওমান। 

এশিয়া কাপ অভিযান শেষে দ্রুতই নিজ দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে লড়বে ওমান।