কুয়াশার কারণে পরিত্যক্ত ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ
টি-টোয়েন্টি সিরিজের ফয়সালা হবে শেষ ম্যাচে।
আম্পায়াররা মাঠে নেমে পর্যবেক্ষণ করলেন কয়েক দফায়। তাতে শুধু অপেক্ষাই বাড়ল, খেলা শুরু করা গেল না। ঘন কুয়াশার কারণে পরিত্যক্ত হয়ে গেল ভারত ও দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-টোয়েন্টি।
লাক্ষ্ণৌতে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। তার আগে থেকে কুয়াশায় ঢেকে ছিল চার পাশ। পরিষ্কার দেখা যাচ্ছিল না সবকিছু।
পরিস্থিতির উন্নতি না হওয়ায় রাত ১০টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এদিন টসই সম্ভব হয়নি।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
আগামী শুক্রবার আহমেদাবাদে হবে শেষ ম্যাচ।
