০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘আপনারা দিবাস্বপ্ন দেখছেন’, অস্ট্রেলিয়ার নির্বাচকদের ধুয়ে দিলেন হেইডেন

১৯ মাস ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে না খেলা নিক ম্যাডিনসনকে আচমকা টেস্ট দলে নেওয়ায় নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করালেন অস্ট্রেলিয়ান গ্রেট ম্যাথু হেইডেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 01:04 PM

Updated : 07 Oct 2026, 01:04 PM

খেলোয়াড়ি জীবনে ম্যাথু হেইডেন ছিলেন বোলারদের জন্য বিভীষিকা। বিশ্বের সেরা সব বোলারকেও তিনি গুঁড়িয়ে দিতে চাইতেন। এবার বিশ্লেষক হিসেবেও যেন ডাউন দা উইকেটে এসে মাঠের বাইরে আছড়ে ফেলতে চাইলেন অস্ট্রেলিয়ার নির্বাচকদের। নিক ম্যাডিনসনকে আচমকা টেস্ট দলে নেওয়ায় নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করালেন অস্ট্রেলিয়ান এই গ্রেট।

অস্ট্রেলিয়ান ক্রিকেটে অনেক বছরের মধ্যে সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্তের একটি ম্যাডিনসনকে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াডে। অণ্ডকোষের ক্যান্সারের কাটিয়ে ওঠার প্রক্রিয়া গত ১৯ মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেননি ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান। ক্যান্সারের আগে সবশেষ মৌসুমে শেফিল্ড শিল্ডে তার গড় ছিল স্রেফ ১৭.৮০।

এমন একজনকে হুট করে টেস্ট দলে ফেরানোয় তোলপাড় পড়ে গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। সাধারণত, প্রক্রিয়া অনুসরণ করার জন্য অস্ট্রেলিয়ার আলাদা কদর আছে ক্রিকেটবিশ্বে। ম্যাডিনসনের ক্ষেত্রে সেখানে হয়েছে চরম ব্যতিক্রম।

‘অল ওভার বার দা ক্রিকেট' পডকাস্টে আলোচনায় ম্যাডিনসনকে নেওয়ার প্রসঙ্গেই হেইডেন আঙুল তুললেন নির্বাচকদের দিকে।

“আমরা এখন এমন এক পর্যায়ে আছি, যেখানে আমরা ক্রিকেটের এই প্রজন্মে দেখা সবচেয়ে বড় মাঝারি মানের ক্রিকেটারদের তুলে ধরছি।”

২০১৬ সালে তিনটি টেস্ট খেলে ২৭ রান করেছিলেন ম্যাডিনসন। পরে কয়েকটি মৌসুম তিনি বেশ ভালো খেললেও সেই ধারা ধরে রাখতে পারেননি। সবশেষ মৌসুম ছিল একদমই বাজে। তার সার্বিক প্রথম শ্রেণির রেকর্ডও খুব উজ্জ্বল নয়। ১২৯ ম্যাচ খেলে আট হাজারের কাছাকাছি রান করেছেন ৩৭.৬৯ গড়ে।

হেইডেনের মতে, ‘মিডিওকোর’ ক্রিকেটারদের দলে নিয়ে তাদের কাছ থেকে গ্রেট পারফরম্যান্স আশা করে অলীক কল্পনা দেখছেন নির্বাচকরা।

“যদি আমরা এই ধারণাটা ধরে রাখি এবং আশা করি যে, (প্রথম শ্রেণির ক্রিকেটে) ৩৫ গড়ের একজন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে ৫৫ গড় করবে… তাহলে (নির্বাচক) জর্জ বেইলি এবং টনি ডডেমেইড, আপনারা দিবাস্বপ্ন দেখছেন। আমি সহজভাবেই বলছি। আপনারা স্রেফ দিবাস্বপ্ন দেখছেন।

“আপনারা এই জঘন্য অজুহাতগুলো চাপিয়ে দিচ্ছেন। আমার মতে, আপনারা প্রথম-শ্রেণির ক্রিকেটকে অসম্মান করছেন। আপনারা এটা করতে উঠেপড়ে লেগেছেন। এমন ব্যাটসম্যানদের দলে নেওয়া উচিত যাদের গড় ৪৫ বা তার বেশি। কিন্তু আপনারা তা পারছেন না, কারণ তারা খেলতে চায় না।”

ম্যাডিনসন সম্প্রতি বলেছেন, তিনি নিজেও চমকে গেছেন টেস্ট দলে ডাক পেয়ে। তবে সুযোগটি কাজে লাগাতে প্রতিজ্ঞার কথাও বলেছেন।