২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬০ দিন পর মাঠে ফিরে জ্বলে উঠলেন শামি

চোটের কারণে মাঠে বাইরে থাকা পেসার এক বছর পর খেলতে নেমে বাংলার হয়ে ম্যাচের দ্বিতীয় দিনে উপহার দিলেন দারুণ বোলিং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2024, 12:55 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

প্রথম দিন দুই স্পেলে ১০ ওভার বোলিং করে উইকেট নেই একটিও। কিছু কৌতূহল আর প্রশ্নের জন্ম হয়েছিল তাতে। দ্বিতীয় দিনেই সব কৌতূহল মিটিয়ে দিলেন মোহাম্মদ শামি। প্রশ্নের উত্তর দিলেন বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে।

বাংলার হয়ে রাঞ্জি ট্রফির এই ম্যাচ দিয়েই ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন শামি। ইন্দোরে মধ্য প্রদেশের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ৯ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি। 

সব মিলিয়ে এই ইনিংসে ৩৪ বছর বয়সী পেসারের বোলিং পারফরম্যান্স ১৯-৪-৫৪-৪।

গত ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর এই ম্যাচটির আগ পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি শামি। বিশ্বকাপে কেবল সাত ম্যাচ খেলেই ২৪ উইকেট নিয়ে তিনি ছিলেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারি। ওই টুর্নামেন্টেও তাকে খেলতে হয়েছে বিশেষ ইনজেকশন নিয়ে।

ধারণা করা হয়েছিল, বিশ্বকাপের পর মাসখানেকের মধ্যেই তিনি সুস্থ হবেন। কিন্তু সেটা হয়নি। দুই দফায় মাঠে ফেরার সম্ভাব্য সময় ঠিক করেও তিনি ফিরতে পারেননি। চোট তাকে ছেড়ে যায়নি। পরে অস্ত্রোপচার করাতে বাধ্য হন। দীর্ঘ পুনবার্সন শেষে তার অপেক্ষার পালা শেষ হলো এই ম্যাচ দিয়ে।

অপেক্ষাটা শুধু তার নিজেরই ছিল না, ভারতীয় ক্রিকেটও অধীর আগ্রহে অপেক্ষায় তাকে ফিরে পেতে। তার মতো স্কিলফুল বোলারের অভাব তো ভারতীয় দল অনুভব করেছে বারবারই। তবে চোটপ্রবণ অতীতকে বিবেচনায় রেখে সাবধানে ফেরানো হচ্ছে তাকে। তাড়াহুড়ো না করে সতর্কতায় পর্যবেক্ষণ করা হচ্ছে তার প্রতিটি পদক্ষেপ।

ইন্দোরে বাংলার এই ম্যাচেই যেমন শামিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে উপস্থিত আছেন সেন্টার অব এক্সিলেন্স-এর মেডিকেল প্যানেলের প্রধান নিতিন প্যাটেল। ম্যাচের পর নিতিন ও তার টিম মিলে একটি রিপোর্ট দেবেন জাতীয় নির্বাচকদের ও টিম ম্যানেজমেন্টকে। তাদের রিপোর্টের ওপর নির্ভর করে চলতি অস্ট্রেলিয়া সফরেও দেখা যেতে পারে শামিকে।

বাংলার হয়ে এই ম্যাচের প্রথম দিনে বুধবার নতুন বল হাতে নিয়ে শামির প্রথম স্পেল ছিল ৪-১-১৬-০। পরে দ্বিতীয় স্পেল ৬-১-১৮-০। পরে বৃহস্পতিবার তিনি দারুণ বোলিংয়ে চারটি উইকেট নেন।

ম্যাচটি টিভিতে সম্প্রচারিত হচ্ছে না। তার বোলিং তাই সেভাবে দেখতে পারেননি অনেকেই। তবে সামাজিক মাধ্যমে ছোট্ট একটি ভিডিও ক্লিপিং প্রকাশ করেছে ভারতীয় বোর্ড। যেখানে দেখা যাচ্ছে, স্বাভাবিক রান আপেই বল হাতে ছুটে ব্যাটসম্যানদের বেশ ভোগাচ্ছেন শামি। সুইং-বাউন্সও পেয়েছেন ভালোই। গতি যদিও একটু কম মনে হয়েছে। 

ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলা এগিয়ে আছে দুই ইনিংস মিলিয়ে ১৭০ রানে। শেষ ইনিংসে আবার বোলিংয়ে নিজেকে জানান দেওয়ার সুযোগ পাবেন শামি।

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের পর তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ আছে ভারতের। সব ঠিক থাকলে সেই ম্যাচটিতে শামিকে পরখ করে নিতে চায় ভারতের টিম ম্যানেজমেন্ট।