টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা
টানা দ্বিতীয়বার ২০ ওভারের বৈশ্বিক আসরের টিকেট পেল দলটি।
দারুণ পারফরম্যান্সে আরও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচ জিতে ২০২৬ আসরের টিকেট নিশ্চিত করেছে তারা।
কানাডার কিং সিটিতে শনিবার বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল স্বাগতিকরা। ২০২৪ সালে প্রথমবার ২০ ওভারের বৈশ্বিক আসরে খেলে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছিল তারা।
ফেভারিট হিসেবে এবারের বাছাই পর্ব শুরু করে কানাডা। মাঠের পারফরম্যান্সে দাপট দেখিয়ে একের পর এক ম্যাচ জিতে নেয় তারা।
সবশেষ লড়াইয়ে বাহামাসকে তো পাত্তাই দেয়নি কানাডা। প্রতিপক্ষকে ৫৭ রানে গুটিয়ে স্রেফ ৫.৩ ওভারে জয় তুলে নেয় দলটি।
৪ ওভারে ২ মেডেনসহ কেবল ৬ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন কানাডার কালিম সানা।
ভারত ও শ্রীলঙ্কায় হবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক দুই দেশের পাশাপাশি আগেই জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউ জিল্যান্ড ও পাকিস্তান। এবার টিকেট পেলে কানাডা।
২০ দলের টুর্নামেন্টের বাকি ৭টি দল আসবে আঞ্চলিক বাছাইপর্ব থেকে। দুটি করে দল সুযোগ পাবে ইউরোপ ও আফ্রিকা থেকে। আর তিনটি দল জায়গা পাবে এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে।
