শিরোপা উল্লাসের মাঝের সেই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারকে বেঙ্গালুরুর আর্থিক সহায়তা
প্রাণ হারানো ১১ জনের পরিবারকে ২৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মর্মান্তিক সেই দুর্ঘটনার পর কেটে গেছে প্রায় তিন মাস। এতদিন পর শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে প্রাণ হারানোদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ফ্র্যাঞ্চাইজিটি শনিবার বিবৃতি দিয়ে জানিয়েছে, নিহতদের পরিবারকে ২৫ লাখ রুপি করে সহায়তা দেবে তারা। বেঙ্গালুরু এই উদ্যোগের নাম দিয়েছে ‘আরসিবি কেয়ার্স।’
১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ৩ জুন প্রথমবারের মতো আইপিএলের শিরোপা ঘরে তোলে বেঙ্গালুরু। ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে অধরা ট্রফির স্বাদ পান ভিরাট কোহলি ও ফ্র্যাঞ্চাইজিটি।
বেঙ্গালুরুর শিরোপা জয়ের পরদিন কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নিতে লাখো মানুষ উপস্থিত হলে তৈরি হয় বিশৃঙ্খলা।
স্টেডিয়ামের ভেতরে যখন জয়োৎসবে ব্যস্ত চ্যাম্পিয়নরা, তখন বাইরে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন এবং আহত হন ৭৫ জনের মতো।
এতে প্রবল সমালোচনার মুখে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইনি জটিলতায়ও পড়তে হয় তাদের, ফ্র্যাঞ্চাইজিটির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট করেনি তারা।
গত সপ্তাহে একটি পোস্টের মাধ্যমে তারা জানায়, তাদের এই নীরবতা ছিল প্রাণ হারানো মানুষদের প্রতি শোকের অংশ। এবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এলো আর্থিক সহায়তার ঘোষণা।
