ওভালের কিউরেটরের সঙ্গে বাকবিতণ্ডা গাম্ভিরের
ইংল্যান্ড-ভারতের ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের চলমান বিতর্কের মাঝেই ঘটল এই ঘটনা।
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের শেষ দিনের বিতর্ক এখনও থামেনি। এর মাঝেই ঘটল আরেকটি বিতর্কিত ঘটনা। শেষ টেস্টের ভেন্যু দা ওভালের কিউরেটরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন ভারতের প্রধান কোচ গৌতাম গাম্ভির।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম টেস্ট শুরুর দুই দিন আগে ঘটেছে এই ঘটনা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে মাঠে সাংবাদিকদের ধারণ করা একাধিক ভিডিওতে দেখা যায়, ওভালে ভারতের অনুশীলনের সময় কিউরেটর লি ফোর্টিসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করছেন গাম্ভির।
তর্কের সূত্রপাত কী নিয়ে, তা এখনও স্পষ্ট নয়। ফোর্টিসের দিকে আঙুল তুলে গাম্ভিরকে বলতে দেখা যায়, “আমরা কী করব, তা বলতে পারো না তুমি।” একই কথা তিনি বারবার বলতে থাকেন। একপর্যায়ে সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান বলেন, “তুমি স্রেফ একজন গ্রাউন্ডসম্যান, তোমার জায়গায় থাকো।”
ফোর্টিসের পাশে দাঁড়িয়ে দীর্ঘ সময় আলোচনা করতে দেখা যায় ভারতের ব্যাটিং কোচ সিতানশু কোটাককে। খেলোয়াড়রা অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন তখন।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, কোটাক ও ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট শান্ত করার চেষ্টা করেন ফোর্টিসকে। একপর্যায়ে ফোর্টিসকে বলতে শোনা যায় যে, তিনি গাম্ভিরের বিরুদ্ধে অভিযোগ করবেন।
ভারতীয় দল বা এই মাঠের স্বত্বাধিকারী সারে কাউন্টি ক্রিকেট ক্লাব এই ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আগের টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে শেষ দিনে ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে অসাধারণ ব্যাট করে ভারতকে জয়ের সমান ড্র এনে দেন রাভিন্দ্রা জাদেজা ও ওয়াশিংটন সুন্দার। শেষ ঘন্টার খেলা শুরুর আগে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ড্রয়ের প্রস্তাব দিলেও তখন সেঞ্চুরির পথে থাকা জাদেজা ও ওয়াশিংটন তাতে রাজি হননি। এতে স্টোকস ও ইংলিশরা তাদের অসন্তুষ্টি লুকাননি। এই ঘটনা নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা-সমালোচনা।
পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার শুরু হবে শেষ টেস্ট।
