০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ২-০ ব্যবধানে জিততে পারে: স্টিভ ওয়াহ

তবে সফরকারীদের সতর্ক করে দিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বললেন, সমতায় সিরিজ শেষ করতে তীব্র শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে প্যাট কামিন্সরা।

বাংলাদেশ ২-০ ব্যবধানে জিততে পারে: স্টিভ ওয়াহ
প্রথম টেস্টে চার দিন ধরে দাপট দেখিয়ে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 01:03 AM

Updated : 19 Sep 2026, 02:26 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের খেলার ধরনে মুগ্ধ স্টিভ ওয়াহ। ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট জয়ের সামর্থ্যও নাজমুল হোসেন শান্তর দলের আছে বলে মনে করেন তিনি। তবে সফরকারীদের সতর্ক করে দিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বললেন, সমতায় সিরিজ শেষ করতে তীব্র শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে প্যাট কামিন্সরা।

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে প্রথম দিন থেকেই দাপট দেখায় বাংলাদেশ। হাসান মাহমুদের ৬ উইকেটের সৌজন্যে প্রথম দিন তারা অস্ট্রেলিয়াকে অলআউট করে দেয় ১৯৮ রানে। এরপর পরিণত ব্যাটিং করে বাংলাদেশ তোলে ৪২৬ রান, প্রথম ইনিংসে পায় ২২৮ রানের বড় লিড।

মিচেল স্টার্ক, জশ হেইজেলউড, প্যাট কামিন্স, ন্যাথান লায়নকে নিয়ে গড়া বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ বোলিং আক্রমণের বিপক্ষে একদমই ভীত ছিলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়াকে ১৩৮ ওভার ফিল্ডিংয়ে আটকে রাখে তারা। সফরকারী বোলাররা দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ফর্ম ধরে রাখে, যা প্রমাণ করে তাদের প্রথম দিনের বীরত্বপূর্ণ পারফরম্যান্স কোনো ফ্লুক ছিল না।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে অলআউট করে, ছোট লক্ষ্য তাড়ায় ৯ উইকেটের দাপুটে জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। চার দিনে তারা একবারও অস্ট্রেলিয়াকে ম্যাচে ফিরতে দেয়নি।

উইজডেনের ‘দা স্কুপ’-এ আলোচনায় বাংলাদেশের খেলার উচ্ছ্বসিত প্রশংসা করলেন অস্ট্রেলিয়ান গ্রেট স্টিভ ওয়াহ।

“বাংলাদেশ যেভাবে খেলেছে, তা সত্যিই খুব ভালো লেগেছে আমার। তারা অস্ট্রেলিয়ার ওপর চড়াও হয়েছিল। তারা ভীত বা শঙ্কিত ছিল না এবং খুবই আক্রমণাত্মক খেলেছিল। তারা রানের জন্য ভালোভাবে দৌড়েছে। তাদের ফিল্ডিং ভালো ছিল, বোলিং ছিল অসাধারণ, অধিনায়কত্বও ছিল চমৎকার।

এটি ছিল খুব ভালো মানের টেস্ট পারফরম্যান্স এবং সকল প্রতিকূলতার বিরুদ্ধে জয়। এর তিন-চার দিন আগে প্রস্তুতি ম্যাচে তারা ৫৪ রানে অলআউট হয়েছিল। তাই এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা ফলগুলোর একটি।”

স্টিভ ওয়াহ। ছবি: রয়টার্স

স্টিভ ওয়াহ

প্রথম ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারলে বাংলাদেশ আবারও অস্ট্রেলিয়াকে হারাতে পারবে বলে মনে করেন ওয়াহ। তবে উত্তরসূরিদের কাছ থেকে পাল্টা জবাবের আশা করছেন তিনি। 

“ডারউইনে তারা যেভাবে খেলেছে, সেভাবে খেলতে পারলে ২-০ ব্যবধানে জেতা সম্ভব। এটা অস্বীকার করার উপায় নেই যে, অস্ট্রেলিয়াকে একেবারেই উড়িয়ে দিয়ে ৯ উইকেটে জিতেছে তারা। টেস্ট ক্রিকেটে এটা অনেক বড় ব্যবধানে জয়। দেখুন, অস্ট্রেলিয়া দলের কাছ থেকে বড় প্রতিক্রিয়া আশা করছি আমি।

আরও বেশি আগ্রাসন, আরও বেশি প্রাণশক্তি। তারা যদি ভালো পারফরম্যান্স না করে, তাহলে খুব অবাক হব আমি। তবে এটাও ঠিক যে, প্রথম টেস্ট জয়ের পর বাংলাদেশ অনেক আত্মবিশ্বাস পেয়েছে এবং তাদের হারানো কঠিন হবে।”

সিরিজ বাঁচানোর লড়াইয়ে ম্যাকাইতে শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।