Published : 05 Feb 2026, 02:05 PM
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরোনো দল লাহোর কালান্দার্সেই আবার খেলবেন মুস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছে তারা।
সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে লাহোর কালান্দার্স জানায়, মুস্তাফিজকে নিয়েছে তারা ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে।
ভারতীয় বোর্ডের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার তিন দিন পর গত ৬ জানুয়ারি এই পেসারকে চুক্তিবদ্ধ করার খবর জানায় পিএসএল। তবে কোন দলে তিনি খেলবেন, তখন তা জানানো হয়নি। অবশেষে নিলামের আগেই তাকে দলে পেল কালান্দার্স।
কালান্দার্সের ফেইসবুক পাতায় পোস্ট করা হয়েছে, “আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ এবং ২০১৮ সালে নেওয়া হয়েছিল, এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ এবং অবশেষে পরিবারে ফিরে এসেছেন। একবার কালান্দার, সবসময় কালান্দার।”
সেই পোস্টেই উল্লেখ করা হয় মুস্তাফিজের পারিশ্রমিকের পরিমাণ।
আগে দুই দফায় নেওয়া হলেও পিএসএলে মুস্তাফিজ খেলেছেন একবারই। ২০১৮ আসরে কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচ খেলে ওভারপ্রতি ৬.৪৩ রান দিয়ে তিনি উইকেট নিয়েছিলেন চারটি।
পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন দল কালান্দার্স। সর্বোচ্চ তিনবার শিরোপাজয়ী দলও এটি। এই দলের হয়েই গত আসরে ৭ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।
আইপিএলে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে তাকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। গত ৩ জানুয়ারি তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা। সেই সিদ্ধান্তের জের ধরে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং শেষ পর্যন্ত তারা বিশ্বকাপে খেলছেই না। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পরে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দেয় পাকিস্তান।
আইপিএল শুরুর তিন দিন আগে, আগামী ২৩ মার্চ শুরু হবে পিএসএলের একাদশ আসর। ৬ দল থেকে বাড়িয়ে এবার ৮ দল নিয়ে হবে টুর্নামেন্টে। আগের ড্রাফট পদ্ধতি থেকে সরে এসে এবার বেছে নেওয়া হয়েছে নিলাম পদ্ধতি। নিলাম হবে আগামী বুধবার।