২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ বছর পর কোহলির এমন অভিজ্ঞতা

ভিরাট কোহলিকে ছাড়াই একাদশ সাজিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তবে ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে ব্যাটিংয়ে নামতে পারেন তিনি।

৯ বছর পর কোহলির এমন অভিজ্ঞতা
ভিরাট কোহলি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 09:26 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ভিরাট কোহলি খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল প্রবল কৌতূহল। শেষ পর্যন্ত এই তারকা ব্যাটসম্যানকে ছাড়াই একাদশ সাজিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও পাঁচ জনের ‘ইম্প্যাক্ট সাব’ তালিকায় রাখা হয়েছে তাকে।

২০০৮ সালে আইপিএলের শুরু থেকে বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ২০১৭ সালের এপ্রিলের পর এই প্রথম বেঙ্গালুরুর কোনো ম্যাচে তিনি একাদশে নেই। সেবার কাঁধের চোটে বাইরে ছিলেন তিনি।

২০০৮ সালের পর কেবল পঞ্চমবার কোহলিকে ছাড়া একাদশ সাজাতে হলো বেঙ্গালুরুকে।

আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অ্যাঙ্কেলে হালকা চোট পেয়েছিলেন কোহলি। সেদিন ৩৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। মুম্বাইয়ের ব্যাটিংয়ের সময় ফিল্ডিংয়ে নামেননি ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।

লক্ষ্ণৌর বিপক্ষে বুধবার টস জিতে ফিল্ডিং করছে বেঙ্গালুরু। ব্যাটিংয়ের সময় ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে মাঠে নামতে পারেন কোহলি।

এবারের আইপিএলে বেঙ্গালুরুর প্রথম চার ম্যাচে ১৬২.৭২ স্ট্রাইক রেটে কোহলি করেছেন ১৭৯ রান। ফিফটি আছে দুটি।