ডাবলিনে বৃষ্টির জয়
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি প্রকৃতির বাগড়ায় ভেস্তে গেছে।
রাতভর ঝরল বৃষ্টি। ম্যাচের দিনও মিলল না নিস্তার। প্রকৃতির বাগড়ায় ভেস্তে গেল ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি লড়াই।
ডাবলিনে শুক্রবার হওয়ার কথা ছিল তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। কিন্তু বৃষ্টির দাপটে টসই করা সম্ভব হয়নি।
দিনের শুরুর দিকে বৃষ্টি না থাকায় মাঠে যেতে পারেন দুই দলের ক্রিকেটাররা। মাঠ ভেজা থাকায় অবশ্য টসের সময় পিছিয়ে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরই আবার হানা দেয় বৃষ্টি।
অনেকটা সময় অপেক্ষার পর শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।
এই মাঠেই প্রথম ম্যাচটি ৪ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই ইংলিশদের প্রথম জয়।
এর আগে এই সংস্করণে দুইবার দেখা হয়েছিল তাদের, দুটি লড়াইই ছিল বিশ্বকাপে। ২০১০ আসরের ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। আর ২০২২ সালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে ইংল্যান্ডকে ৫ রানে হারায় আয়ারল্যান্ড।
এবারই প্রথম দ্বি-পাক্ষিক কোনো টি-টোয়েন্টি সিরিজ খেলছে দল দুটি। ডানেডিনেই শেষ ম্যাচ আগামী রোববার।
