Published : 24 May 2026, 08:12 PM
ব্যাট হাতে এবারের আইপিএলের শেষটা সুখকর হলো না রোহিত শার্মার। রাজস্থান রয়্যালসের বিপক্ষে রান তাড়ায় রানের দেখাই পেলেন না তিনি। ভারতীয় তারকা স্পর্শ করলেন অনাকাঙ্ক্ষিত রেকর্ড।
প্রাথমিক পর্বে মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচে রোববার ‘ইম্প্যাক্ট বদলি’ নেমে চার বলে শূন্য রানে আউট হন রোহিত। জফ্রা আর্চারের বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি।
আইপিএলে ২৭৬ ইনিংসে এই নিয়ে ১৯ বার শূন্য রানে আউট হলেন রোহিত। এই ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডে গ্লেন ম্যাক্সওয়েলের পাশে বসলেন তিনি। অস্ট্রেলিয়ান তারকা ১৯ বার শূন্য রানে আউট হন ১৩৫ ইনিংসে।
১৮ বার শূন্য রানে আউট হয়ে এই তালিকায় যৌথভাবে দুইয়ে আছেন সুনিল নারাইন ও দিনেশ কার্তিক। যৌথভাবে তিনে রাশিদ খান ও পিয়ুস চাওলা, ১৬ বার।
রাজস্থানের বিপক্ষে খেলতে নেমেই একটি রেকর্ড স্পর্শ করেন রোহিত। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে ভিরাট কোহলির পাশে বসেন তিনি, দুজনের ২৮১টি করে।
ব্যাট হাতে এবারের আসর রোহিতের খুব একটা ভালো কাটেনি। ৯ ইনিংসে ২৮৩ রান করতে পারেন তিনি ১৫৭.২২ স্ট্রাইক রেটে। তার দল পারেনি প্লেঅফে উঠতে।