২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মুস্তাফিজকে হারানোর পর চেন্নাইয়ের চিন্তা চাহারকে নিয়ে

‘ফিজকে হারানো হতাশাজনক’ বলে চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং জানালেন, দিপাক চাহারের অবস্থা ভালো নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2024, 12:32 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

মুস্তাফিজুর রহমানকে আর পাওয়া যাবে না বলে হাহাকার শোনা গেছে চেন্নাই সুপার কিংসের অনেকের কণ্ঠেই। এবারের আইপিএলে বাংলাদেশের এই পেসারের শেষ ম্যাচের পর সেই হতাশার কথা বললেন স্টিভেন ফ্লেমিংও। চেন্নাই সুপার কিংস কোচ পাশাপাশি জানালেন তাদের জন্য আরেকটি দুর্ভাবনার খবরও। দিপাক চাহারের অবস্থাও খুব একটা ভালো নয়।

পাঞ্জাব কিংসের বিপক্ষে বুধবার চেন্নাইয়ের ইনিংস শুরু করেন চাহার। কিন্তু দুই বল করেই মাঠ ছাড়েন এই পেসার। ওভারটি শেষ করেন আরেক পেসার শার্দুল ঠাকুর। 

ব্যাট হাতে বড় পুঁজি গড়তে না পারা চেন্নাই পরে ম্যাচটি হেরে যায় ৭ উইকেটে। উইকেট না পেলেও চার ওভার বোলিং করে কেবল ২২ রান দেন মুস্তাফিজ। এর মধ্যে একটি ছিল মেইডেন। এবারের আসরে চেন্নাইয়ের কোনো বোলারের যা প্রথম মেইডেন। গোটা আসরেও বিদেশি কোনো বোলারের প্রথম মেইডেন। 

১৪ উইকেট নিয়ে যৌথভাবে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও এই মুস্তাফিজ। কিন্তু এবারের আইপিএলে এটিই ছিল তার শেষ ম্যাচ। বৃহস্পতিবারই তার ফেরার কথা বাংলাদেশে। 

চোটের কারণে এই ম্যাচে চেন্নাই পায়নি শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকেও। অসুস্থতার কারণে এ দিন দলের সঙ্গে মাঠেই আসতে পারেননি নিয়মিত একাদশের আরেক পেসার তুষার দেশপান্ডে। 

এর মধ্যেই আবার বিশ্বকাপের ভিসা সংক্রান্ত কাজে দেশে ফিরতে হবে দুই লঙ্কান বোলার পাথিরানা ও মাহিস থিকাশানাকে। পরের ম্যাচের আগেই তাদের ফেরার আশা করছে দল। তবে অনিশ্চয়তা তো কিছুটা থাকেই। সব মিলিয়ে বোলিং আক্রমণ নিয়ে সঙ্গীন অবস্থায় চেন্নাই।

পাঞ্জাবের বিপক্ষে এই ম্যাচেই অবশ্য আইপিএল অভিষেকে দুই দিকে সুইং করিয়ে বেশ নজরকাড়া বোলিং করেছেন ইংলিশ পেসার রিচার্ড গ্লিসন। তাতে একটু স্বস্তি পাচ্ছেন ফ্লেমিং। তবে সার্বিক অবস্থা যে অস্বস্তির, তা ফুটে উঠল কোচের কণ্ঠে। 

“শ্রীলঙ্কান ছেলেরা ভিসা নিতে চলে যাচ্ছে। আশা করি তাদের ভিসা প্রক্রিয়া মসৃণভাবে এগোবে এবং পরের ম্যাচের আগে তাদের ফিরে পাব। রিচার্ড গ্লিসন আজকে ভালো করেছে এবং এটা একটা ইতিবাচক দিক। তবে ফিজকে (মুস্তাফিজ) হারানো হতাশাজনক। অনেক কিছুই ঘটে যাচ্ছে, তাই না?”

“তুষার ফ্লুতে আক্রান্ত। এজন্য আজকে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে, আমাদের জন্য যা অস্বাভাবিক।”

দিপাক চাহারের চোটের ধরন ও কতটা গুরুতর, তা বিস্তারিত বলেননি কোচ। তবে দুই বল করেই যখন মাঠ ছাড়তে হয়, জরুরি পরিস্থিতিই হওয়ার কথা। কোচও বললেন সেরকমই।

“দিপাক চাহারের অবস্থা ভালো মনে হচ্ছে না। প্রাথমিকভাবে দেখে তাকে একমই ভালো মনে হয়নি। ফিজিও ও চিকিৎসকরা যখন দেখবেন, আশা করি তখন ইতিবাচত কোনো খবর পাব।”

চেন্নাইয়ের পরের ম্যাচ আগামী রোববার পাঞ্জাবের বিপক্ষেই ধারামশালায়।