আইপিএলে খেলার বাইরে ‘মাত্রাতিরিক্ত’ ভিডিও ধারণ নিয়ে বিরক্ত কোহলি
‘অনুশীলনে ছয়টি ক্যামেরা অনুসরণ করলে সেটা স্বস্তিদায়ক নয়’, বললেন ভারতের ব্যাটিং গ্রেট।
ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজনই শুধু নন, দেশটিতে তুমুল জনপ্রিয়ও ভিরাট কোহলি। সবসময় ক্যামেরা ও গণমাধ্যমের নজরে থাকেন তিনি। খেলা হোক বা অনুশীলন, তাকে প্রতিনিয়ত অনুসরণ করা হয়। চুলচেরা বিশ্লেষণ করা হয় তার প্রতিটি পদক্ষেপ। তবে এত নজরদারি একদমই পছন্দ নয় কোহলির।
আইপিএলে সাইডলাইনে ক্রিকেটারদের কথোপকথনের দৃশ্য ক্যামেরায় ধারণ করা নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন তিনি। তার মতে, অনুশীলনের সময় ফ্র্যাঞ্চাইজিগুলো সামাজিক মাধ্যমের জন্য যেভাবে ভিডিও ধারণ করে, সেখানে সমন্বয় প্রয়োজন।
২০০৮ সালে আইপিএল যাত্রার শুরু থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়েই খেলছেন কোহলি। আরসিবি পডকাস্ট-এ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সেসব ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে দলটির ইউটিউব চ্যানেল ও সামাজিক মাধ্যমে। সেখানেই আইপিএল ইতিহাসের সেরা ব্যাটসম্যান বললেন, ক্যামেরা তার প্রতিটি পদক্ষেপ ধারণ করছে জেনে অনুশীলনে মনোযোগ দেওয়া সহজ নয়। ক্রিকেটারদের আরও স্বাধীনতা প্রয়োজন বলে মনে করেন তিনি।
“অনুশীলনে যাচ্ছেন আর ছয়টি ক্যামেরা আপনাকে অনুসরণ করছে। এটা মোটেও স্বস্তিদায়ক অনুভূতি নয়। একজন ক্রীড়াবিদ হিসেবে শান্তিতে নিজের খেলা নিয়ে কাজ করার সুযোগ ও স্বাধীনতা থাকা উচিত।”
“আপনার প্রতিটি কাজই যদি চিত্রায়ন, প্রদর্শন বা চুলচেরা বিশ্লেষণের বিষয় হয়ে ওঠে, তাহলে স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন না। আমি অনুশীলনে এমন কিছু করার চেষ্টা করতে পারব না, যা আমি সত্যিই করতে চাই, কারণ আমি জানি কাল যদি কেউ সেটার ভিডিও করে এবং আমার অনুশীলন সেশন নিয়ে আলোচনা শুরু হয়… আমাকে বিচার করা হয় খেলার সময় আমার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে, প্রস্তুতির ওপর নয়। আমার প্রস্তুতি বা নেটে আমি যা যা চেষ্টা করছি, তার ওপর ভিত্তি করে আমাকে বিচার করার অধিকার কারো নেই।”
সামাজিক মাধ্যমে অনেক কিছুই বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় বলে মনে করেন কোহলি। তার মতে, ফ্র্যাঞ্চাইজিগুলোর সামাজিক মাধ্যমের ইউনিটগুলোর কখন ক্যামেরা চালু করতে হবে, তা বোঝা জরুরি।
“আমার মনে হয়, কখন কী করতে হবে, কতটা করা যায় এবং খেলোয়াড় সবসময় ক্যামেরাবন্দি হতে রাজি আছেন কি না- এই বিষয়গুলো বোঝার ক্ষেত্রে আরও কিছুটা সমন্বয় দরকার। এই ধরনের বিষয়গুলো সত্যিই বিবেচনায় নেওয়া প্রয়োজন, কারণ এটা মাত্রাতিরিক্ত হয়ে যায়।”
“আমি খেলার চাপটা ভালোবাসি, কিন্তু সত্যি বলতে অন্য কিছুর চাপ পছন্দ করি না। যেকোনো দলের বাণিজ্যিক প্রচার বা ভক্তদের সম্পৃক্ত করার ক্ষেত্রে সামাজিক মাধ্যম একটি বিশাল অংশ, যা বোধগম্য। কিন্তু আমি সত্যিই মনে করি, এই বিষয়টিতে আরও কিছুটা সমন্বয় করা প্রয়োজন।”
নিউ জিল্যান্ড গ্রেট ও লখনৌ সুপার জায়ান্টসের উপদেষ্টা কেন উইলিয়ামসনের সঙ্গে কথোপকথনের সময় আইপিএলের রোবট কুকুর ক্যামেরা কীভাবে বিরক্তির সৃষ্টি করেছিল, সেটিও তুলে ধরলেন কোহলি।
“সেদিন কেইনের সঙ্গে কথা বলছিলাম, আর দেখি একটা রোবট আমার দিকে হাত নাড়ছে। ভাবলাম, ‘এই জিনিসটা আমার দিকে হাত নাড়ছে কেন?’ আমি কেইনের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। প্রথমে আমি কুকুরটাকে উপেক্ষা করলাম এবং তারপর যে লোকটি এটি চালাচ্ছিল তাকে বললাম, দয়া করে ওকে নিয়ে যান। আমাকে শান্তিতে কথা বলতে দিন। কেইন আমার বন্ধু। তার সঙ্গে কথা বললেও সেটা একটা বিশেষ ‘মুহূর্তে’ পরিণত হয়ে যায়।”
