পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচই মিরপুরে
শ্রীলঙ্কা সফর থেকে বাংলাদেশ দল দেশে ফেরার আগেই ঢাকায় চলে আসবে পাকিস্তান।
আইসিসি ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) ব্যস্ত সূচির মাঝেই দ্বিপাক্ষিক সমঝোতায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী মাসে ছোট্ট এই সফরে তিন ম্যাচ খেলতে আসবে পাকিস্তান। সবকটি ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজটি খেলতে আগামী ১৬ জুলাই ঢাকায় চলে আসবে পাকিস্তান। বাংলাদেশ টি-টোয়েন্টি দল তখনও থাকবে শ্রীলঙ্কায়। সেদিনই সেখানে বাংলাদেশের শেষ ম্যাচ।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ২০ জুলাই। এরপর ২২ ও ২৪ জুলাই বাকি দুই ম্যাচ। সব ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।
আইসিসির এফটিপিতে নেই এই টি-টোয়েন্টি সিরিজটি। গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয় বিসিবি কর্তাদের। সেখানেই চূড়ান্ত হয় সিরিজটি।
এর আগে দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় এফটিপিতে থাকা বাংলাদেশের পাকিস্তান সফরের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি বদলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত করা হয়। তবে ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি শেষ পর্যন্ত তিন টি-টোয়েন্টিতে নেমে আসে।
গত মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে হারের পর পাকিস্তান যায় বাংলাদেশ। সেখানেও তিন ম্যাচের একটিতেও লড়াই করতেই পারেনি লিটন কুমার দাসের দল।
এবার ঘরের মাঠে সেই সফরে হোয়াইটওয়াশড হওয়ার জবাব দেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।
