তামিম সভাপতি হওয়ায় যে ইতিবাচক দিক দেখছেন মিরাজ
বিসিবি সভাপতি হওয়ার পর দলের সঙ্গে কথা বলে সবাইকে উজ্জীবিত করেছেন তামিম ইকবাল, জানালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বছর খানেক আগেও দুজন ছিলেন সতীর্থ। স্বীকৃত ক্রিকেটে তামিম ইকবালের শেষ ম্যাচ যেটি, গত বছরের ২৪ মার্চ সেই ম্যাচে তার নেতৃত্বে খেলেছেন মেহেদী হাসান মিরাজ। সেই তামিম এখন দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থার প্রধান। কিছুদিন আগেও যিনি ছিলেন ক্রিকেটার, এমন একজনকে বোর্ড সভাপতি হিসেবে পাওয়ায় বেশ কিছু সুবিধা হবে বলে মনে করেন ওয়ানডে অধিনায়ক মিরাজ।
নাটকীয় পালাবদলের মধ্য দিয়ে গত ৭ এপ্রিল বিসিবি সভাপতির দায়িত্ব্ নেন তামিম। নিউ জিল্যান্ড সিরিজে তাকিয়ে তখন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প চলছে বাংলাদেশ দলের। সেই ক্যাম্প চলার সময় ক্রিকেটারদের সঙ্গে বেশ কবারই কথা বলতে দেখা গেছে তখনকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। রদবদলের পর তামিমও দেখা করেছেন মিরাজদের সঙ্গে।
সিরিজের আগে বোর্ডের শীর্ষ পদে এমন পরিবর্তনে ক্রিকেটারদের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব পড়বে কি না, সেই প্রশ্ন করা হয়েছিল বুধবার প্রধান কোচ ফিল সিমন্সকে। তিনি বলেছিলেন, এই প্রশ্নের উত্তর ক্রিকেটাররাই ভালো দিতে পারবেন।
সেই ক্রিকেটারদের নেতা মিরাজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দাবি করলেন, তাদের মনোযোগ কেবল মাঠের প্রস্তুতিতেই ছিল।
“আমরা তো অনুশীলন করেছি এবং গত তিন সপ্তাহে আমরা খুবই ভালো অনুশীলন করেছি এবং পেশাদার ক্রিকেটার হিসেবে আসলে বাইরে কী হয়, সেসব আমাদের ওরকম মাথায় প্রভাব পড়ে না। কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা এবং গত তিন সপ্তাহে যেভাবে অনুশীলন হয়েছে, এটা আমার কাছে মনে হয় অনেক ভালো অনুশীলন আমরা করেছি এবং বাইরে কী হয়েছে, এটা আমরা কখনোই চিন্তা করিনি।”
মিরাজ জানালেন, ক্রিকেটারদের সঙ্গে দেখা করে দলকে উজ্জীবিত করেছেন নতুন বিসিবি সভাপতি।
“প্রেসিডেন্টের সাথে আমাদের কথা হয়েছিল যে আমাদের দলটা ভালো করছে, আমাদের বুস্ট আপ করেছেন তিনি এবং বলেছেন যে, আমরা যেভাবে খেলছি, এভাবে ভালো ক্রিকেট খেলে যেতে হবে।”
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তামিম ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন বছরখানেক আগেও। এই সময়ের ক্রিকেটের ভেতর-বাহির সবকিছু জানেন বলে সভাপতির দায়িত্বে সাবেক এই অধিনায়ক কার্যকর হবেন, বিশ্বাস মিরাজের।
“আমার কাছে মনে হয় যে, যেহেতু আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরও বেশি ভালো জানেন, সাম্প্রতিক সময়ে আমাদের কী চাহিদা আছে এবং আমরা কীভাবে পছন্দ করি... যেহেতু তিনি সম্প্রতি খেলা ছেড়েছেন, এটা একটা ক্রিকেটারদের জন্য একটা ইতিবাচক দিক।”
