২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর আগেই ধাক্কা, নারী বিপিএল পিছিয়ে গেল তিন মাস

উইমেন’স বিপিএলের প্রথম আসর এপ্রিলে হওয়ার কথা থাকলেও সেটি এখন হবে জুলাইয়ে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 10:08 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

জাঁকজমকপূর্ণ আয়োজন হবে, ফাইনাল ম্যাচটি হবে বাংলা নববর্ষের দিনে, উইমেন’স বিপিএলকে ঘিরে এমন অনেক কিছুই বলেছিল বিসিবি। তবে সেই পরিকল্পনায় চোট লাগল বেশ। পূর্ব নির্ধারিত সময়ে আয়োজন করা যাচ্ছে না এই টুর্নামেন্ট।

উইমেন’স বিপিএলের প্রথম আসরটি হওয়ার হওয়ার কথা ছিল আগামী ৪ থেকে ১৪ এপ্রিল। বিসিবি বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আসরটি এখন হবে আগামী ১০ থেকে ২১ জুলাই।

কিছুটা পরিবর্তন আছে ভেন্যু পরিকল্পনাতেও। আগে শুধু ঢাকা ও চট্টগ্রামে খেলা হওয়ার কথা থাকলেও এখন যুক্ত হয়েছে বগুড়াও।

আগের সূচি অনুযায়ী টুর্নামেন্টের সময় খুব বেশি ছিল না। কিন্তু বিসিবি এখনও ফ্র্যাঞ্চাইজিই চূড়ান্ত করতে পারেনি। আগ্রহী প্রতিষ্ঠান খুব একটা পাওয়া যাচ্ছে না বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিসিবি যা বলছে, সেখানে ফুটে উঠছে সেই বাস্তবতাই।

“বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে, সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি কর্ণধার এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে পরামর্শের পর, জুলাই মাসে টুর্নামেন্টের সময়সূচী নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যাতে স্কোয়াড গঠন, আন্তর্জাতিক ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করা এবং পরিচালন পরিকল্পনার জন্য দলগুলি বাড়তি সময় পায়।”

জুন-জুলাইয়ে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আসরটি আয়োজন করা হলে ভালো মানের বিদেশি ক্রিকেটার আরও বেশি পরিমাণে পাওয়া যাবে বলেও আশা বিসিবির।

নতুন সূচিতে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন ও ম্যাচ হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। পরে চট্টগ্রামে ম্যাচ হয়ে ২১ জুলাই ফাইনাল হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।