নিউ জিল্যান্ডে অভাবনীয় জয়ের সম্ভাবনা জাগিয়ে উইন্ডিজের নাটকীয় হার
শেষ ৪ বলে ৭ রানের সহজ সমীকরণ প্রতিপক্ষকে মেলাতে দেননি কাইল জেমিসন।
এক সময়ে লক্ষ্য থেকে অনেক দূরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও ম্যাথু ফোর্ডের বিস্ফোরক ব্যাটিংয়ে জয় চলে আসে দৃষ্টি সীমানায়। তখনই তালগোল পাকিয়ে হেরে গেল শেই হোপের দল। রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা ফেরাল নিউ জিল্যান্ড।
অকল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ রানে জিতেছে মিচেল স্যান্টনারের দল। ২০৮ রানের লক্ষ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানে থামিয়েছে তারা।
১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৪ উইকেটে ৭৪। শেষ ৯ ওভারে প্রয়োজন ছিল ১৩৪। সেখান থেকে শেষ ওভারে প্রয়োজন পড়ে ১৬ রান।
কাইল জেমিসনের প্রথম বলে চার মারেন ফোর্ড। একটি ডট বল খেলার পর মারেন আরেকটি চার। বোলার ওভার স্টেপ করায় আম্পায়ার ডাকেন ‘নো’ বল। এতে ২ বল থেকে এসে যায় ৯ রান।
কিন্তু শেষ ৪ বলে ৭ রানের সহজ সমীকরণ আর মেলাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। স্ট্রাইক পেয়ে ছক্কার চেষ্টায় ক্যাচ দেন পাওয়েল। ১৬ বলে ৬ ছক্কা ও ১ চারে তিনি করেন ৪৫ রান।
শেষ দুই বলে আকিল হোসেন ও ফোর্ড নিতে পারেন কেবল দুটি সিঙ্গেল। জয়ের এত কাছে এসে পরাজয়ের বেদনায় ক্রিজেই বসে পড়েন ব্যাটসম্যান ফোর্ড। ১৩ বলে দুটি করে ছক্কা ও চারে তিনি করেন অপরাজিত ২৯ রান।
ইডেন পার্কে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে টিম রবিনসনের ব্যাটে ভালো শুরু পায় নিউ জিল্যান্ড। অনেকটা সময় ক্রিজে থাকলেও তেমন কিছু করতে পারেননি আরেক ওপেনার ডেভন কনওয়ে। তার বিদায়ে ভাঙে ৫৫ রানের জুটি।
পরের ওভারেই ফেরেন রবিনসন। ২৫ বলে এক ছক্কা ও পাঁচ চারে তিনি করেন ৩৯ রান। রাচিন রাভিন্দ্রার দ্রুত বিদায়ের পর মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেলের ১৮ বল স্থায়ী ৫৭ রানের জুটিতে এগিয়ে যায় নিউ জিল্যান্ড।
১৯ বলে পঞ্চাশ ছুঁয়ে ২৮ বলে ৭৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন চ্যাপম্যান। ফিরতি ক্যাচ নিয়ে তাকে থামান জেসন হোল্ডার। চ্যাপম্যানের ইনিংস গড়া সাত ছক্কা ও ছয় চারে।
শেষ দিকে ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনারের জুটিতে দুইশ পার হয় স্বাগতিকদের সংগ্রহ। ১৪ বলে ২৮ রানে অপরাজিত থাকেন মিচেল। ৮ বলে দুই ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন স্যান্টনার। তাদের জুটিতে ১৭ বলে আসে ৩৮ রান।
রান তাড়ায় শূন্য রানে ফেরেন ক্যারিবিয়ান ওপেনার ব্র্যান্ডন কিং। ৪৯ রানের জুটি গড়লেও দ্রুত রান তুলতে পারেননি আলিক আথানেজ ও শেই হোপ।
মিডল অর্ডারে দলকে টানতে পারেননি আকিম ওগিস ও রোস্টন চেইস। দুই ছয় মেরেই থেমে যান অলরাউন্ডার হোল্ডার। ত্রয়োদশ ওভারে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে পথ দেখান পাওয়েল ও শেফার্ড। মাত্র ২৪ বলে তারা গড়েন ৬২ রানের জুটি।
স্যান্টনারের বলে ছক্কার চেষ্টায় শেফার্ড সীমানায় মাইকেল ব্রেসওয়েলের চমৎকার ক্যাচে ফিরলে ভাঙে জুটি। তবে প্রায় একই গতিতে এগিয়ে যেতে থাকে ওয়েস্ট ইন্ডিজ।
পাওয়েল ও ফোর্ড ১৮ বলে যোগ করেন ৪৭ রান। এই জুটিতে মুঠোয় পেয়েও জিততে পারল না ক্যারিবিয়ানরা। শেষ ৪ বলের দারুণ বোলিংয়ে ম্যাচে ব্যবধান গড়ে দিলেন জেমিসন।
ম্যাচের সেরা অবশ্য চ্যাপমান, বিস্ফোরক ইনিংসের সঙ্গে তিনি নেন তিনটি ক্যাচ।
আগামী রোববার নেলসনে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ২০৭/৫ (রবিনসন ৩৯, কনওয়ে ১৬, রাভিন্দ্রা ১১, চ্যাপম্যান ৭৮, মিচেল ২৮*, ব্রেসওয়েল ৫, স্যান্টনার ১৮*; সিলস ৪-০-৬১-০, ফোর্ড ৪-০-১৭-১, হোল্ডার ৪-০-৩৪-১, শেফার্ড ৪-০-৩৮-১, চেইস ৪-০-৩৩-২, আকিল ১-০-২৩-০)
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২০৪/৮ (কিং ০, আথানেজ ৩৩, হোপ ২৪, ওগিস ৭, হোল্ডার ১৬, পাওয়েল ৪৫, চেইস ৬, শেফার্ড ৩৪, ফোর্ড ২৯*, আকিল ১*; ডাফি ৪-১-২১-১, জেমিসন ৪-০-৫১-১, ফকস ২-০-৩৬-০, ব্রেসওয়েল ২-০-২২-০, সোধি ৪-০-৩৯-৩, স্যান্টনার ৪-০-৩১-৩)
ফল: নিউ জিল্যান্ড ৩ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ১-১ সমতা
ম্যান অব দা ম্যাচ: মার্ক চ্যাপম্যান
