৯ ম্যাচে ২ জয়, তবু প্লে-অফ খেলার আশা ছাড়েনি ঢাকা ক্যাপিটালস
পরের তিন ম্যাচ জিততে পারলে প্লে-অফের দুয়ার খুলে যেতেও পারে, বলছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা।
একটি জয়ে অবস্থান এক ধাপ ওপরে উঠেছে। তার পরও পয়েন্ট তালিকায় অবস্থান নাজুক। তবে এই জয়টিই ঢাকা ক্যাপিটালসের স্বপ্নে নতুন রঙ চড়িয়েছে। অধিনায়ক থিসারা পেরেরা প্রত্যয়ী কণ্ঠে বলছেন, এখনও প্লে-অফে খেলার ছবি আঁকছেন তারা।
টুর্নামেন্ট শুরুর আগে মাঠের বাইরের নানা আয়োজনে আলোচনায় থাকলেও নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মাঠের ক্রিকেটে শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। প্রথম ছয়টি ম্যাচেই হেরে যায় তারা।
পরাজয়ের সেই বৃত্ত ভেঙে তারা বেরিয়ে আসে সপ্তম ম্যাচে। লিটন কুমার দাস ও তানজিদ হাসানের সেঞ্চুরি ও ২৪১ রানের রেকর্ড-গড়া জুটিতে ১৪৯ রানে উড়িয়ে দেয় তারা দুর্বার রাজশাহীকে। পরের ম্যাচে আবার তারা হেরে যায় ফরচুন বরিশালের বিপক্ষে।
তবে এবার আর পরাজয়ের ধারা শুরু হয়নি। চট্টগ্রামে সোমবার সিলেট স্ট্রাইকার্সকে হারায় তারা ৬ রানে। ১৭ বলে ৩৭ রানের ইনিংস খেলার পর দুটি উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ স্বয়ং থিসারাই।
এই জয়ের পর সিলেটকে পয়েন্ট তালিকার সবার নিচে নামিয়ে ঢাকা উঠে এসেছে ঠিক ওপরে। শীর্ষ চারে জায়গা করে নেওয়া এখনও তাদের জন্য অসম্ভরের ভীষণ কঠিন। তবে তিন ম্যাচের মধ্যে দ্বিতীয় জয়ের পর সাহস পাচ্ছেন ঢাকা অধিনায়ক।
“আমি খুবই খুশি। কয়েকটি ম্যাচ হারার পর এই জয়টি আমাদের দরকার ছিল। সামনের পরিস্থিতি নিয়ে কেউ কিছু বলতে পারে না। সামনে তিনটি ম্যাচ যদি জিততে পারি, ১০ পয়েন্ট হবে। ক্রিকেটে কী হয়, কেউ বলতে পারে না। এজন্যই ক্রিকেট খেলাটা দারুণ। আজকের জয় নিয়ে আমি খুশি।”
“আমরা যদি এভাবে খেলতে থাকি… এই দলের সম্ভাবনা আমি জানি। ১০ পয়েন্ট হয়ে গেলে যে কোনো কিছুই হতে পারে। এভাবে খেলতে থাকলে আমাদের ভালো সুযোগ আছে।”
সিলেটের বিপক্ষে এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকার শুরুটা ছিল ধীরগতির। ১০ ওভারে তাদের রান ছিল ৬৪। কিন্তু পরের দিকে ঝড় তোলে ঢাকার ব্যাটসম্যানরা।
পঞ্চম উইকেটে ২৮ বলে ৮১ রানের বিধ্বংসী জুটিতে ম্যাচের চিত্র পাল্টে দেন লিটন কুমার দাস ও থিসারা পেরেরা। শেষ আট ওভারে ১১৬ রান তোলে ঢাকা, শেষ পাঁচ ওভারে ৮১।
থিসারা জানালেন, উইকেটের চরিত্র বুঝে শুরুর দিকে ধীরে এগোনোর কৌশল নিয়েছিলেন তারা। শেষের দিকে নিজেদের ব্যাটিং শক্তিতে আস্থা তার ছিল।
“ম্যাচের শুরুতে উইকেট ব্যাটিংয়ের জন্য একটু কঠিন ছিল। এজন্য আমরা উইকেট ধরে রেখেছি। মৌলিক কাজ করে গেছি। ব্যাটিং লাইন আপের পরের দিকে তো আমাদের ‘পাওয়ার হাউজ’ আছেই।”
“আগের দিনও খেয়াল করেছিলাম, দিনের ম্যাচে উইকেট মন্থর থাকে। আমরা ১৬০ রানের কথা ভাবছিলাম। সঠিক লেংথে বল করলে এটা ১৬০ রানের উইকেট। লিটনকে এটাই বলেছিলাম যে, কোনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই, নিজেদের জোনে বল পেলে শট খেলা যাবে।”
