২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের আগে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল যুবারা

ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬০ রানে জিতেছে বাংলাদেশ।

ফাইনালের আগে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল যুবারা
উল্লাস করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 08:40 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

আগের ম্যাচে অল্পের জন্য ফিফটি করতে না পারা রিফাত বেগ এবার খেললেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। ত্রিশ স্পর্শ করলেন আরও পাঁচজন। সম্মিলিত চেষ্টায় আড়াইশ ছাড়ানো সংগ্রহ গড়ল বাংলাদেশ। পরে বোলারদের নৈপুণ্যে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে বড় জয় তুলে নিল তারা।

ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে শুক্রবার বাংলাদেশের জয় ১৬০ রানে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৮৪ রানের পুঁজি গড়ে স্বাগতিকদের তারা গুটিয়ে দিয়েছে ১২৪ রানে।

সিরিজের ফাইনালে আগামী রোববার দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রান করা রিফাত এবার ১ ছক্কা ও ১০ চারে খেলেন ৭৭ রানের ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সে আলো ছড়ান অধিনায়ক আজিজুল হাকিম ও রিজান হোসেন।

২ চারে ৩৪ রান করা আজিজুল বল হাতে ২৫ রান খরচায় নেন ৩ উইকেট। স্রেফ ৯ রান দিয়ে ৩ শিকার ধরেন রিজান। ব্যাট হাতে ১ ছক্কা ও ২ চারে ৩০ রান করেন তিনি।

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই জাওয়াদ আবরারকে হারায় বাংলাদেশ। সেই ধাক্কা সামালে ওঠে তারা রিফাত ও আজিজুলের ব্যাটে। তাদের ১১২ রানের জুটি ভাঙে রিফাতের বিদায়ে। তিন ওভার পর ড্রেসিং রুমের পথ ধরেন আজিজুলও।

ভালো শুরু পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি রিজান ও আবদুল্লাহ। স্টাম্পিং হয়ে মাঠ ছাড়েন রিজান। ৩ চারে ৩৮ রান করে কট বিহাইন্ড হন আবদুল্লাহ।

ফরিদ আহমেদ ও দেবাশিস দেবার ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৮০ ছাড়ায় বাংলাদেশের রান। ৩ চারে ৩৮ রান করেন ফরিদ। ৪টি ছক্কা ও ১ চারে ১৩ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন দেবাশিস।

রান তাড়ায় নামা জিম্বাবুয়েকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। ১৬ রানে তাদের প্রথম তিন ব্যাটসম্যানকে বিদায় করে দেয় সফরকারীরা। এরপর কিছুক্ষণ লড়াই চালান বেনি জুজে ও মার্শাল মাশাভা। পঞ্চাশ পেরুতে আরও ২ উইকেট হারায় স্বাগতিকরা।

জুজে ও মাইকেল ব্লিগনাটের ৫৪ রানের জুটিতে একশ পার করে জিম্বাবুয়ে। তিন ওভারে মধ্যে বিদায় নেন দুই থিতু ব্যাটসম্যান। ১ ছক্কা ও ২ চারে দলের সর্বোচ্চ ৪৭ রান করেন জুজে। ৩০ রান করতে ১ ছক্কা ও ৪টি চার মারেন ব্লিগনাট।

এই দুইজন ছাড়া জিম্বাবুয়ের ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল মাশাভা (২ চারে ১৬)। ৫ রানে শেষ ৩ উইকেট হারিয়ে গুটিয়ে যায় দলটি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৮৪/৯ (জাওয়াদ ৫, রিফাত ৭৭, আজিজুল ৩৪, রিজান ৩০, আবদুল্লাহ ৩৭, ফরিদ ৩৮*, ফারজান ৬, দেবাশিস ৩৪*; মাশাভা ৮-০-৫২-০, মাজভিটোরেরা ৯-০-৭০-৩, মাধিধি ৮-০-৪৩-০, মুডজেঙ্গেরেরে ৯-০-৩২-০, সেনজেরে ৫-০-২৬-১, ব্লিগনাট ৭-০-৩৭-১, জুজে ৪-০-২৩-১)

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল: ৩৫ ওভারে ১২৪ (লাবাঙ্গানা ৭, মুরাদজি ৫, ধ্রুভ ০, জুজে ৪৭, মাশাভা ১৬, এনডেওইয়েনি ২, ব্লিগনাট ৩০, মুডজেঙ্গেরেরে ০, সেনজেরে ৪*, মাজভিটোরেরা ০, মাধিধি ০; আল-আমিন ৮-২-২৭-২, সানজিদ ৬-২-১৭-১, রাফি ৮-০-২৩-১, আজিজুল ৯-১-২৫-৩, দেবাশিস ২-০-১৭-০, রিজান ২-০-৯-৩)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৬০ রান জয়ী