২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে সুবিধা দেওয়ার কথা বলায় দুই সাবেক ক্রিকেটারকে প্রাণনাশের হুমকি

সূচি নির্ধারণে ভারতকে সুবিধা দেওয়ার অভিযোগে আইসিসিকে অভিযুক্ত করার পর ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার কেট ক্রস ও অ্যালেক্স হার্টলি প্রাণনাশের হুমকি পেয়েছেন ও অনলাইন আক্রমণের শিকার হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 01:15 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নির্ধারণে ভারতকে সুবিধা দেওয়ার অভিযোগে আইসিসিকে অভিযুক্ত করে মন্তব্য করার পর ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার কেট ক্রস ও অ্যালেক্স হার্টলি জানিয়েছেন, তারা প্রাণনাশের হুমকি পেয়েছেন ও অনলাইন আক্রমণের শিকার হয়েছেন। পরে আইসিসির পক্ষ থেকে দাবি করা হয়, কোনো নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য এই সূচি তৈরি করা হয়নি।

ছেলেদের হোক বা মেয়েদের, আইসিসি ইভেন্টগুলোতে ভারতীয় দলকে সূচি ও ভেন্যুর সুবিধা দেওয়ার অভিযোগ গত কয়েক বছরে উঠেছে নানা সময়েই। চলতি উইমেন’ম টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই অভিযোগ তোলেন ক্রস ও হার্টলি।

‘নো বলস: দা ক্রিকেট পডকাস্ট’-এ কথা ক্রস এবং হার্টলি এই বিষয়টির দিকে ইঙ্গিত করেন যে, ইংল্যান্ডে টুর্নামেন্ট শুরু হওয়ার বেশ আগেই ভারত তাদের সেমি-ফাইনালের সম্ভাব্য সময়সূচী সম্পর্কে জানত। 

গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের গ্রুপ পর্বের ম্যাচ ছিল, যেটি কার্যত ভারতীয়দের জন্য ছিল কোয়ার্টার-ফাইনাল। এই ম্যাচে আগে ভাইরাল হওয়া একটি ক্লিপে ক্রস উল্লেখ করেন যে, যদি হারমানপ্রিত কৌরের দল সেমি-ফাইনালে খেলার জায়গা করে নেয়, তবে তারা মঙ্গলবার ভারতীয় সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া প্রথম সেমি-ফাইনালটি খেলার সুযোগ পাবে — যা ভারতীয় টেলিভিশন দর্শকদের জন্য একটি প্রাইম-টাইম স্লট।

ক্রস সেখানে বলেছিলেন, “আমরা কি এই বিষয়টি নিয়ে কথা বলতে পারি যে, ভারত যদি সেমি-ফাইনালে উঠতে পারে, তাহলে তারা মঙ্গলবারের সেমি-ফাইনালটি খেলার সুযোগ পাবেই, কারণ আইসিসি মনে করে যে, সময়ের দিক থেকে এটিই তাদের জন্য খেলার সেরা দিন।”

হার্টলি এতে সম্মতি জানিয়ে বলেন যে, নারী ও পুরুষ, উভয় আইসিসি টুর্নামেন্টেই সময়সূচির এরকম ব্যবস্থা দেখা গেছে।

তবে পডকাস্টের সর্বশেষ পর্বে হার্টলি জানান যে, তিনি সময়সূচির ব্যাপারটি স্পষ্ট হতে আইসিসির একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটির পক্ষ থেকে ব্যাখ্যা করা হয় যে, শুধু ভারতের দর্শকের কথা ভাবা হয়নি সূচিতে।

“যা কিছু বলা হয়েছে, তা স্পষ্ট হওয়ার জন্য আমি আসলে আইসিসির একজনের সঙ্গে কথা বলেছি। আইসিসি যা বলেছে তা হলো, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই যে এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই এবং এটি করা হয়েছে বৈশ্বিক দর্শকের পাশাপাশি যুক্তরাজ্যেও দর্শকসংখ্যা সর্বাধিক করার জন্য।’সুতরাং, আমার যা উপলব্ধি, সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু করার ব্যাপারটি যুক্তরাজ্যের দর্শকদের জন্য।”

কিন্তু এসব বলেও পার পাননি বলে জানালেন হার্টলি ও ক্রস। দুজনেই সামাজিক মাধ্যমে তীব্র আক্রমণের শিকার হন।

হার্টলি বলেন, “আমরা অনলাইনে মৃত্যুর হুমকি পাচ্ছি এবং গালিগালাজ করা হচ্ছে প্রচণ্ড।”

ক্রস বললেন, সামাজিক মাধ্যমের ব্যাপারটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। 

“আজ সকালে ঘুম থেকে উঠে দেখি, সেমি-ফাইনালের জন্য আইসিসির সময়সূচী নিয়ে করা সেই ইনস্টাগ্রাম পোস্টে ৪৫০টি মন্তব্য! সাধারণত আমরা প্রতি পোস্টে প্রায় ৩০টির মতো মন্তব্য পাই। কিছুটা বিভ্রান্তি তৈরি হয়ে থাকতে পারে। কারণ আমরা যা বলেছি, সেটুকুর জন্য মৃত্যুর হুমকি এবং গালিগালাজ তো প্রাপ্য নয়!”

“আমরা তো বিষয়টি পরিষ্কার করে দিয়েছিলাম। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং পাশে থেকেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। সেগুলো পড়ে খুব ভালো লেগেছে। ব্যাপারটা অদ্ভুত, তাই না? আমরা এই প্ল্যাটফর্মে সামাজিক মাধ্যম নিয়ে অনেক কথা বলেছি। আসুন আমরা আরেকটু সহনশীল হই। আমি তো ভারতের ক্রিকেট দল নিয়ে কোনো বাজে মন্তব্য করিনি।”

ক্রস পরে নিজের সেই মন্তব্যের ব্যাখ্যা দেন আবার।

“আমি তো শুধু এটাই বলছিলাম যে, ‘আমার মনে হয় না কোনো টুর্নামেন্টের সূচি একটি মাত্র ক্রিকেট দলের সেমি-ফাইনালে ওঠার ওপর ভিত্তি করে হওয়া উচিত।’ পরে দেখা গেছে, আমার কথাটাও ঠিক ছিল না। সেটাও তো আমরা বলেছি।”

“যিনি আমাদের উদ্ধৃত করেছেন, আপনি যদি আমাদের উদ্ধৃত করতেই চান, তাহলে আমরা আসলে যা বলেছি, সেটাই উদ্ধৃত করুন, আপনার নিজের যা মনে হয়েছে, তা নয়। মানুষ এখন বিষয়টিকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে।”