সাকিবের ব্যাটে রানের আভাস
বাংলা টাইগার্স মিসিসগার টানা দ্বিতীয় জয়ে উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।
আগের ম্যাচে উইকেটের দেখা পাওয়া সাকিব আল হাসান এবার আভাস দিলেন রানে ফেরার। তিন ছক্কায় খেললেন আক্রমণাত্মক ইনিংস। পরে শরিফুল ইসলামের মতো উইকেট পেলেন অভিজ্ঞ এই বাঁহাতি অলরাউন্ডারও। টরোন্টো ন্যাশনালসকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলা টাইগার্স মিসিসগা।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতের রোমাঞ্চকর ম্যাচ ২ রানে জিতেছে সাকিব, শরিফুলদের দল। ১৬৯ রানের লক্ষ্য দিয়ে টরোন্টোকে ১৬৬ রানে থামিয়ে দিয়েছে তারা।
তিন ছক্কায় ১৫ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব। পরে ৪ ওভারে ৩০ রানে নেন একটি উইকেট। বাঁহাতি পেসার শরিফুলও নেন এক উইকেট, ৩১ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের দৃঢ়তায় ভালো শুরুই পায় বাংলা টাইগার্স।
দশম ওভারে ক্রিজে যান সাকিব। প্রথম বলেই ছক্কায় ওড়ান মোহাম্মদ নাওয়াজকে।
পরের ৮ বলে সাকিব করেন চার রান। থমকে যাওয়া রানের গতিতে দম দেন ক্যারিবিয়ান অফ স্পিনিং অলরাউন্ডার রোস্টন চেইসের ওভারে দুই ছক্কা মেরে।
এরপর যেতে পারেননি বেশিদূর। মোহাম্মদ রোহিদের বলে ধরা পড়েন চেইসের হাতে।
টরোন্টোর ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওভারের শেষ বলের বাউন্ডারিতে দেন ৬ রান। নবম ওভারে আক্রমণে ফিরে বাংলা টাইগার্স অধিনায়ক দেন আরও ৭ রান।
শেষ ৪ ওভারের দুটি করেন সাকিব। ১৭তম ওভারে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার দেন ৮ রান। পরের ওভারে রোমারিও শেফার্ডের ব্যাটে একটি ছক্কা হজম করলেও টরোন্টোর আশা হয়ে টিকে থাকা নিকোলাস কার্টনকে (৫৪ বলে ৭৪) ফেরান বাংলা টাইগার্স অধিনায়কই। সেই ওভারে তিনি দেন ৯ রান।
আলি খানের করা শেষ ওভারে প্রয়োজন ছিল ১৮ রান, টরোন্টো নিতে পারে ১৫।
এর আগে দ্বিতীয় ওভারে বল হাতে পান শরিফুল। ওভারে টানা দুই বলে ছক্কা ও চার মারেন কলিন মানরো।
পরের ওভারে আন্দ্রিয়েস হাউসকে ফিরিয়ে দেন শরিফুল। পরে কার্টনের ব্যাটে হজম করেন ছক্কা। প্রথম ২ ওভারে ৯টি ডট বল খেলানো শরিফুল খরচ করেন ১৬ রান, তিনটি বাউন্ডারি থেকে।
চতুর্দশ ওভারে ফিরে মাত্র ২ রান দেন শরিফুল। ১৮তম ওভারে ফির একটু এলোমেলো ছিলেন বাঁহাতি এই পেসার। দুটি ওয়াইড ও শেষ বলের ছক্কায় দেন ১৩ রান।
বাংলা টাইগার্সের জয়ের নায়ক অবশ্য সাকিব, শরিফুল বা আলি নন। ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে ম্যাচ সেরা ডেভিড ভিসা। তিনটি করে ছক্কা ও চারে ১৭ বলে তিনি খেলেন অপরাজিত ৩৮ রানের বিস্ফোরক ইনিংস। পরে বোলিংয়ে একটি মেডেনসহ ২৮ রানে নেন এক উইকেট।
