২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএলএস পদ্ধতির উদ্ভাবক ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ আর নেই

৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইংলিশ এই পরিসংখ্যানবিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 09:54 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

ক্রিকেটের মাঠের লড়াইয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন (ডিএলএস) পদ্ধতি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ ম্যাচেও ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটি। ক্রিকেটের বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ফলাফল নির্ণয়ের এই নিয়মের উদ্ভাবকদের একজন ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ আর নেই। ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত শুক্রবার পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান ইংলিশ পরিসংখ্যানবিদ ডাকওয়ার্থ। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এবং অন্যান্য গনমাধ্যমে মঙ্গলবার খবরটি প্রকাশিত হয়।

আরেক ইংলিশ পরিসংখ্যানবিদ টনি লুইসকে নিয়ে ‘ডিএল’ পদ্ধতির উদ্ভাবন করেন ডাকওয়ার্থ। আন্তর্জাতিক ক্রিকেটে যা প্রথম ব্যবহার করা হয় ১৯৯৭ সালে। আর ২০০১ সালে সীমিত ওভারের ক্রিকেটের জন্য এই নিয়মকে আইসিসি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।

ডাকওয়ার্থ ও লুইসের অবসরের পর অস্ট্রেলিয়ান পরিসংখ্যানবিদ স্টিভেন স্টার্ন এই পদ্ধতিতে কিছু পরিবর্তন আনেন। যার ফলে, ২০১৪ সাল থেকে এর নামকরণ করা হয় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন। তাদের তৈরি করা ডিএলএস নিয়মে মঙ্গলবার বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে ইতিহাস গড়ে আফগানিস্তান।

২০২০ সালে ৭৮ বছর বয়সে মারা যান লুইস।

ক্রিকেটে অবদান রাখার জন্য ২০১০ সালে ডাকওয়ার্থ ও লুইস দুইজনকেই ‘মেম্বার অব দা অর্ডার অব দা ব্রিটিশ এম্পায়ার’ (এমবিই) স্বীকৃতি দেওয়া হয়।