১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়ানডে ক্রিকেটও ডাকছে টেইলরকে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে মাস খানেক আগে অবসর ভেঙে ফেরা অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যানকে শ্রীলঙ্কা সিরিজের দলে রেখেছে জিম্বাবুয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 08:00 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

টেস্ট দিয়ে পুনর্জীবন পাওয়া ক্যারিয়ারকে আরও গতিশীল করার সুযোগ পাচ্ছেন ব্রেন্ডান টেইলর। অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যানকে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল সাজিয়েছে জিম্বাবুয়ে।

ঘরের মাঠে অনুষ্ঠেয় দুই ম্যাচের সিরিজের জন্য সোমবার ১৬ জনের দল দিয়েছে জিম্বাবুয়ে। ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ৩২ বছর বয়সী পেসার আর্নেস্ট মাসুকু।

২০২১ সালের সেপ্টেম্বরে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে অনেকটা আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান টেইলর। তার অবসরকে ঘিরে নানা রহস্য ছড়িয়েছিল তখনই।

চার মাস পর টেইলর জানান, আইসিসি দুর্নীতি দমন আইনের বেশ কয়েকটি ধারা ভাঙায় বড় ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি তিনি। পাশাপাশি ড্রাগ পরীক্ষায় উতরাতে না পারার খবরও দেন তিনি। এর তিন দিন পরই তার নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক ঘোষণা আসে। সাড়ে তিন বছরের জন্য তাকে নিষিদ্ধ করে আইসিসি।

তার সেই নিষেধাজ্ঞা শেষ হয় গত মাসে। এর কদিন পরই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন টেইলর। চলতি মাসে ঘরের মাঠে নিউ জিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে আবার জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেন তিনি।

টেইলরের ওয়ানডে দলে ফেরা অনুমিত ছিল। ঘরের মাঠে অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে তাকে পেতে চায় জিম্বাবুয়ে। তাইতো এতকিছুর পরও এই ক্রিকেটারকে আবারও দেশের হয়ে মাঠে ফিরতে রাজি করান জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি।

আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না পাওয়া মাসুকু এখন পর্যন্ত ৫৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। এই সংস্করণে ৮৯ উইকেট রয়েছে তার নামের পাশে। ম্যাচে পাঁচটি করে উইকেট পেয়েছেন পাঁচবার, আর চার উইকেট নিয়েছেন দুইবার।

গত ফেব্রুয়ারির আয়ারল্যান্ড সিরিজের পর আরও কোনো ওয়ানডে খেলেনি জিম্বাবুয়ে। লম্বা সময় পর এই সংস্করণে মাঠে নামতে যাচ্ছে তারা।

জিম্বাবুয়ের সাম্প্রতিক পারফরম্যান্স যাচ্ছেতাই। দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম‍্যাচের দুটি টেস্ট সিরিজে হেরেছে বাজেভাবে। এই দুই দলকে নিয়ে খেলা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি তারা।

লঙ্কানদের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে দুটি হবে আগামী ২৯ ও ৩১ অগাস্ট। এরপর তিনটি টি-টোয়েন্টিও খেলবে তারা, ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর।

জিম্বাবুয়ে ওয়ানডে স্কোয়াড: ক্রেইগ আরভাইন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাডান্ডে, আর্নেস্ত মাসুকু, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস।