২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রান বিলিয়ে উইকেটশূন্য শরিফুল

বাংলাদেশের পেসারের বিবর্ণ দিনে চমৎকার এক সেঞ্চুরি উপহার দিয়েছেন পাথুম নিসাঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 06:01 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

ভালো শুরুর পর ছন্দ হারিয়ে ফেললেন শরিফুল ইসলাম। অকাতরে রান বিলিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ভুলে যাওয়ার মতো একটি দিন পার করলেন বাংলাদেশের এই পেসার। তার ওপর ঝড় বইয়ে দেওয়া পাথুম নিসাঙ্কা উপহার দিলেন চমৎকার এক সেঞ্চুরি।

ডাম্বুলায় মঙ্গলবার জাফনা কিংসের বিপক্ষে নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি শরিফুল। ৩ ওভারে ৪৭ রান খরচ করে কোনো উইকেট নিতে পারেননি ক্যান্ডি ফ্যালকন্সের এই বোলার। তিনটি ছক্কার সঙ্গে হজম করে পাঁচটি চার। বল ডট দিতে পারেন কেবল তিনটি।

আসরে নিজের প্রথম দুই ম্যাচে দুটি করে উইকেট নিয়েছিলেন শরিফুল। তৃতীয় ম্যাচে এসে একেবারেই বিবর্ণ তিনি।

জাফনার হয়ে ৫৯ বলে ১১৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নিসাঙ্কা। ক্যারিয়ারে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে চারটি ছক্কার সঙ্গে ১৬টি চার মারেন লঙ্কান ওপেনার। সঙ্গে রাইলি রুশোর ১৮ বলে ৪১ রানের খুনে ইনিংসে ৭ উইকেটে ২২৪ রান তোলে জাফনা।

টস জিতে ফিল্ডিং নেওয়া ক্যান্ডি দ্বিতীয় ওভারে বোলিংয়ে আনে শরিফুলকে। প্রথম চার বলে একটি ওয়াইডসহ চার রান দিয়ে শুরুটা ভালোই করেন তিনি। কিন্তু শেষ দুই বলে হজম করে বসেন বাউন্ডারি। পঞ্চম ডেলিভারিতে তাকে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন নিসাঙ্কা, পরের বলে এক্সট্রা কাভার দিয়ে হাঁকান চার।

নিজের প্রথম ওভারে ১৪ রান দেওয়া শরিফুল ফের আক্রমণে আসেন ম্যাচের পঞ্চম ওভারে। এবার দুই চার দিয়ে ওভারটিতে খরচ করেন ১১ রান। প্রথম বলে তাকে পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠান নিসাঙ্কা। পরের দুই বলে আসে দুটি সিঙ্গেল। চতুর্থ ডেলিভারিতে নিসাঙ্কার ব্যাটের ভেতরের কানায় লেগে উইকেটের পেছন দিয়ে হয় চার। ওই বাউন্ডারিতে ২১ বলে ফিফটি পূরণ করেন নিসাঙ্কা। শেষ দুই বলে এক রান দেন শরিফুল।

ষোড়শ ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসা শরিফুলের ওপর তাণ্ডব চালান নিসাঙ্কা। প্রথম বলে ডাবল নেওয়ার পরের ডেলিভারিতে আসেনি কোনো রান। এরপর শেষ চার বলে শরিফুলকে দুটি করে ছক্কা-চার হাঁকান নিসাঙ্কা।

শরিফুলের করা তৃতীয় ডেলিভারিটি ছিল অফ স্টাম্পের বাইরে স্লোয়ার। লং অন দিয়ে ছক্কার উড়িয়ে ৫২ বলে কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে পা রাখেন নিসাঙ্কা। পরের বল স্লগ সুইপ করে মিডউইকেট দিয়ে বাউন্ডারির বাইরে উড়িয়ে ফেলেন ডানহাতি ব্যাটসম্যান। পরের দুই বলে স্কুপ একটি ও ক্রস ব্যাটে আরেকটি চার মারেন তিনি।

তৃতীয় ওভারে ২২ রান দেওয়া শরিফুলকে কোটার শেষ ওভার করায়নি ক্যান্ডি। দলটির হয়ে চল্লিশ ছোঁয়া রান দেন আরও তিন বোলার। দাসুন শানাকা ৪০ রানে তিনটি ও দুশমান্থ চামিরা ৪৪ রানে দুটি শিকার ধরেন। ৪০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।