Published : 16 Jun 2026, 01:32 PM
মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ক্রীতা তারকার তালিকায় ক্রিকেটার মাত্র দুজন। সেই দুজনের নাম একটু চমকপ্রদই। ভারতের স্টাইলিশ ব্যাটার স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা জায়গা করে নিয়েছেন মর্যাদাপূর্ণ এই তালিকায়।
অনুমিতভাবেই এই তালিকায় আছেন লেব্রন জেমস, ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি, হিলারি নাইট, আরমান্ড ডুপ্লান্টিস, ইয়ানিক সিনার, নিকি হিল্টজ, কার্লোস আলকারান, ররি ম্যাকিলরয়, ভিক্টর ওয়েম্বানিয়ামার মতো বিশ্ব ক্রীড়ার আইকনসহ আরও অনেকে। এবং মান্ধানা ও বাভুমাকে ‘টাইটানস’ বিভাগে তালিকাভুক্ত করা হয়েছে।
টাইম-এর সম্পাদক চার্লি ক্যাম্পবেল তার লেখায় তুলে ধরেছেন মান্ধানার অর্জনগুলির তালিকা।
“স্মৃতি মান্ধানার ঝুলিতে একের পর এক রেকর্ড জমা পড়েই চলেছে। মুম্বাইয়ে জন্ম নেওয়া এই বাঁহাতি ওপেনিং ব্যাটার ঘরোয়া একদিনের ক্রিকেটে দ্বিশতক করা প্রথম ভারতীয় নারী, তিনটি আন্তর্জাতিক সংস্করণেই শতক করা প্রথম নারী এবং ১৭টি সেঞ্চুরি করে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরানের যৌথ অধিকারী। এক পঞ্জিকা বছরে হাজারের বেশি ওয়ানডে আন্তর্জাতিক রান করা প্রথম নারীও।”
“কিন্তু মান্ধানা সবচেয়ে বেশি গর্বিত দলীয় অর্জনগুলো নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ২০২৪ এবং ২০২৬ সালের উইমেন’স প্রিমিয়ার লিগের শিরোপা জেতান তিনি এবং গত আইসিসি উইমেন’স বিশ্বকাপে ভারতের জয়ে সহ-অধিনায়ক ছিলেন, যেখানে তিনি টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন। ২০২৪ সালে তিন সংস্করণ মিলিয়ে নারী ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের রেকর্ড গড়েন মান্ধানা এবং গত বছর নিজের গড়া রেকর্ডটি ভেঙে দেন। এই কৃতিত্বের পথ ধরে তিনি ‘বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসউইম্যান অফ ২০২৫’ খেতাব অর্জন করেন।”
বাভুমার ক্রিকেটীয় অর্জনগুলি তুলে ধরে ক্যাম্পবেল লিখেছেন, তার অবদান ক্রিকেটের সীমানা ছাড়িয়ে স্পর্শ করেছে নতুন ইতিহাস।
“টেম্বা বাভুমা সবসময়ই তার জার্সির চেয়েও বেশি দায়িত্ব বয়ে নিয়েছেন। হাতেগোনা কয়েকজন কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের মধ্যে একজন হিসেবে তাঁ সাফল্যকে এই খেলার জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে প্রশংসা করা হয়। কিন্তু কোনো প্রতিবন্ধকতাই কেবল তার একার ছিল না। সৌভাগ্যবশত, বাভুমা বাধার চেয়ে অনেক বেশি সাফল্য পেয়েছেন।”
“২০১৬ সালে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকান হিসেবে সেঞ্চুরি করেন এবং পাঁচ বছর পর তিনি তার দেশের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক হন। গত বছর ভারতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, পরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়েও দলকে নেতৃত্ব দেন। ফাইনালে প্রবলভাবে ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা অপরাজিত থেকে আসর শেষ করেন। এটি ছিল ১৯৯৮ সালের পর দক্ষিণ আফ্রিকার প্রথম আন্তর্জাতিক শিরোপা এবং সেখানে বাভুমার বীরত্বপূর্ণ ৬৬ রানের ইনিংসের অবদান ছিল, হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও ফাইনালে রানগুলি করেছিলেন তিনি।”