ভারত দল ছেড়ে কেকেআরে ফিরছেন টেন ডেসকাটে
ক্রিকইনফোর খবর, আবারও নিজের পুরনো ক্লাবের কোচিং স্টাফে যোগ দিতে যাচ্ছেন নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার।
শুবমান গিল, শ্রেয়াস আইয়ারদের সহকারী কোচের ‘দায়িত্ব ছেড়ে দিয়েছেন’ রায়ান টেন ডেসকাট। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফে যোগ দিতে যাচ্ছেন নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার।
ক্রিকইনফো তাদের মঙ্গলবারের প্রতিবেদনে লিখেছে, চলতি মাসে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান ৪৬ বছর বয়সী টেন ডেসকাট। ওই সফর চলার সময়ই নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি।
টেন ডেসকাটের দায়িত্ব ছাড়ার বিষয়ে কিংবা কে হচ্ছেন নতুন সহকারী কোচ, এসব নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও অবশ্য কিছু জানানো হয়নি। টেন ডেসকাটকে কোচিং স্টাফে যোগ করার কথা এখনও নিশ্চিত করেনি কলকাতাও।
২০২৪ সালে গৌতাম গাম্ভিরের সহকারী হিসেবে ভারত জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দেন টেন ডেসকাট। মূলত প্রধান কোচ গাম্ভিরের পছন্দেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়। ব্যাটিং ও ফিল্ডিং—দুই বিভাগেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ছিলেন ভারতের কৌশল নির্ধারণী দলের সদস্য।
কলকাতায় যোগ দিলে আবারও আভিশেক নায়ারের সঙ্গে কাজ করবেন টেন ডেসকাট। আভিশেক এখন দলটির প্রধান কোচ। এর আগে ভারত দলেও কিছুদিনের জন্য সহকারী কোচ হিসেবে একসঙ্গে কাজ করেছেন তারা। কলকাতারও সহকারী কোচ হিসেবে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের।
কলকাতার সঙ্গে টেন ডেসকাটের সম্পর্ক বেশ পুরনো। খেলোয়াড়ি জীবনে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে দুটি আইপিএল শিরোপা জেতেন তিনি, ২০১২ ও ২০১৪ সালে। এরপর ২০২২ সালে ফিল্ডিং কোচ হিসেবে দলটিতে ফেরেন টেন ডেসকাট। ২০২৪ সালে আইপিএল জয়ী দলটির কোচিং স্টাফেও ছিলেন তিনি। ওই সময় কলকাতার মেন্টর ছিলেন গাম্ভির আর প্রধান কোচ ছিলেন চান্দ্রাকান্ত পান্ডিত।
টেন ডেসকাটের সময়ে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জেতে ভারত। আর এবছর তারা ধরে রাখে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। তবে, পালাবদলের মধ্যে থাকা ভারতের টেস্ট দল এই সময়ে বেশ সংগ্রাম করেছে; তারা অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার সিরিজ হারে এবং দেশের মাটিতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশড হয়।
