Published : 20 Jan 2026, 06:52 PM
বিশ্বকাপের আগে এই ধরনের ব্যাটিং দুরূহ উইকেটে খেলা প্রস্তুতির জন্য সহায়ক কি না, প্রশ্নটা ছিল এমন। উত্তর দেওয়ার বদলে লিটন কুমার দাসের পাল্টা প্রশ্ন, “আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি…?”
একটু আগেই বিপিএলের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হয়েছে। শেষ বলে ছক্কা হজম করে এলিমিনেটর ম্যাচ হেরে ছিটকে গেছে রংপুর রাইডার্স। সেই দলের অধিনায়ক লিটন এলেন সংবাদ সম্মেলনে। কিন্তু এই ম্যাচ নিয়ে প্রশ্ন হলো কমই। লিটন যে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কও। বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে যে অনিশ্চয়তা, সেটি নিয়েই প্রশ্ন হলো বেশি।
প্রথম প্রশ্নের উত্তরেই লিটন যা বললেন, সেটিই আসলে বিশ্বকাপ সংক্রান্ত আরও অনেক প্রশ্নের দুয়ার খুলে দিল।
লিটনকে পরে বলা হলো, “ধরে নিন, বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে তাহলে এরকম উইকেটে খেলা কি প্রস্তুতির জন্য আদর্শ?” এবারও লিটনের কণ্ঠে সেই একই অনিশ্চয়তার সুর।
“এটার কোনো উত্তর নেই। এখন থেকে বিশ্বকাপ এখনও অনেকদিন বাকি। বিশ্বকাপে যাব কি না আদৌ, এটা নিয়েও আমরা নিশ্চিত নই।”
এরপর তার দিকে আরেকটি প্রশ্ন ছুটে গেল, “আপনি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, এখনও পর্যন্ত আপনি জানেন না বাংলাদেশ খেলতে যাবে কি না…”, প্রশ্নটি শেষ না হতেই লিটনের আবার পাল্টা প্রশ্ন, “ আপনি জানেন এটা?” এরপর যোগ করলেন, “আপনিও জানেন না, আমিও জানি না, আমরা একই জায়গায় আছি…।”
বিপিএল থেকে ছিটকে গেল দল, বিশ্বকাপ নিয়েও অনিশ্চয়তা। সামনের কদিন কি করবেন তিনি? কৌতূকের সুরে লিটনের জবাব, “আজকে থেকে খেলা শেষ। বিন্দাস থাকব রুমে। আর কী…।”
ভারতের বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে গত ৪ জানুয়ারি। গত দুই সপ্তাহের বেশি সময়ে এই সিদ্ধান্ত নিয়ে বোর্ড থেকে অধিনায়কের মতামত চাওয়া হয়েছে কি না বা আলোচনা করা হয়েছে কি না, এটিও জিজ্ঞেস করা হলো লিটনকে। তিনি ছোট্ট করে বললেন, “না।”
এত গুরুত্বপূর্ণ ব্যাপারে অধিনায়কের মতামত নেওয়া কি উচিত ছিল না? এবার লিটন বললেন, “জানি না, তবে আলোচনা হয়নি আমার সঙ্গে।”
অবধারিত প্রশ্নটিও হলো এরপর। ভারতের না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিসিবির অবস্থানের সঙ্গে কি একমত বাংলাদেশ অধিনায়ক?
লিটনের ঝটপট উত্তর, “নো কমেন্টস।”
দুই দেশের রাজনৈতিক বৈরিতা নিয়েও একটি প্রশ্ন করা হচ্ছিল লিটনকে। মাঝপথেই সেই প্রশ্ন থামিয়ে অধিনায়ক বললেন, “আমি আমি বুঝতে পারছি আপনি কী প্রশ্ন করবেন। এটা আমার জন্য নিরাপদ নয়, উত্তর নেই…।”