২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসিমকে ছাড়িয়ে ৩ হাজারে দ্রুততম সুরিয়াকুমার

ঝড়ো ইনিংস খেলার পথে রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক।

ওয়াসিমকে ছাড়িয়ে ৩ হাজারে দ্রুততম সুরিয়াকুমার
২৬ বলে ফিফটি করেন সুরিয়াকুমার ইয়াদাভ। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 10:09 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

ফ্রি হিটে অফ স্টাম্পের বাইরে লকি ফার্গুসনের ফুল টস ঠিকমতো খেলতে পারলেন না সুরিয়াকুমার ইয়াদাভ। তবে শর্ট থার্ডম্যান দিয়ে বল চলে গেল বাউন্ডারিতে। এই চারে ভারত অধিনায়ক সবার চেয়ে দ্রুত পৌঁছে গেলেন দারুণ এক মাইলফলকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রানের মাইলফলক থেকে ৩৩ রান দূরে থেকে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে খেলতে নামেন সুরিয়াকুমার। ষষ্ঠ ওভারের শুরুতে চার নম্বরে ব্যাটিংয়ে নামা ব্যাটসম্যান ত্রয়োদশ ওভারে ৩০ থেকে চার মেরে পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়।

এই সংস্করণে বলের হিসাবে দ্রুততম তিন হাজার রানের রেকর্ড এখন সুরিয়াকুমারের। মাইলফলটি ছুঁতে তার লাগল এক হাজার ৮২২ বল। এক হাজার ৯৪৭ বলে তিন হাজার ছুঁয়ে রেকর্ডটি ছিল এতদিন সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মাদ ওয়াসিমের।

দুই হাজারের কম বল খেলে তিন হাজার রান করতে পারেননি আর কেউ।

ইনিংসের হিসাবে যৌথভাবে চতুর্থ দ্রুততম মাইলফলকটি ছুঁলেন সুরিয়াকুমার। তার সমান ৯৮ ইনিংস লেগেছিল অ্যারন ফিঞ্চ ও ভিরানদিপ সিংয়েরও।

ওয়াসিম এখানে আছেন তিন নম্বরে (৮৪ ইনিংস)। যৌথভাবে দুই নম্বরে ভিরাট কোহলি ও বাবর আজম (৮১ ইনিংস)। সবচেয়ে কম ৭৯ ইনিংস লেগেছিল মোহাম্মদ রিজওয়ানের। 

থিরুভানান্থাপুরামে শনিবার ছয়টি ছক্কা ও চারটি চারে ৩০ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন সুরিয়াকুমার। বিস্ফোরক সেঞ্চুরি করেন ইশান কিষান। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ভারত তোলে ৫ উইকেটে ২৭১ রান। 

এই সংস্করণে ৩৬.৯৫ গড় ও ১৬৫.৪৮ স্ট্রাইক রেটে সুরিয়াকুমারের মোট রান এখন তিন হাজার ৩০। চারটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ২৪টি।