বাংলাদেশের ক্রিকেট স্মারক সংগ্রাহকের বই লর্ডসের এমসিসি লাইব্রেরিতে
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেকের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছে বইটি।
বাংলাদেশ ক্রিকেট মিউজিয়ামের স্মারক প্রকাশনা ‘মেমোরেবল ম্যাচ টিকেটস’ আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মর্যাদাপূর্ণ মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) লাইব্রেরিতে। ক্রিকেট স্মারক সংগ্রাহক জুনায়েদ পাইকারের বইটি ‘হোম অফ ক্রিকেট’ হিসেবে পরিচিত এই ঐতিহাসিক স্থানে জায়গা করে নেয় শনিবার।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেকের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত এই বইটি লেখকের পক্ষ থেকে এমসিসি আর্কাইভ ও লাইব্রেরি ম্যানেজার অ্যালান রিসের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ক্যাপিটাল কিডস ক্রিকেটের সিইও ও এমসিসির পূর্ণ সদস্য শহীদুল আলম রতন এবং বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)- ইউকের সভাপতি আব্দুস সালাম।
‘মেমোরেবল ম্যাচ টিকেটস’ বইটি জুনায়েদ পাইকারের ব্যক্তিগত সংগ্রহ থেকে বাছাই করা বাংলাদেশের ৫০টি টেস্ট ম্যাচের টিকেট স্থান পেয়েছে। মূল ম্যাচ টিকেটকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে ব্যবহার করে বইটি বাংলাদেশের টেস্ট ক্রিকেট যাত্রার এক অনন্য ভিজ্যুয়াল ও আর্কাইভভিত্তিক দলিল উপস্থাপন করেছে।
বইটি এমসিসি লাইব্রেরিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অ্যালান রিস বলেন, “মেমোরেবল ম্যাচ টিকেটস অত্যন্ত যত্নে প্রণীত একটি বই, যা আমাদের লর্ডসের টিকেট সংগ্রহকে যুক্ত হবার পাশাপাশি এমসিসি লাইব্রেরিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে।ম্যাচ টিকেটের ভিজ্যুয়াল ইতিহাস নিয়ে পাঠকদের আগ্রহ সবসময়ই বেশি থাকে এবং এই বইটি পাঠকদের মধ্যে কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করবে।”
বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দীর্ঘদিনের ক্রিকেট স্মারক সংগ্রাহক জুনায়েদ পাইকার এই অর্জনকে গভীর আবেগের মুহূর্ত হিসেবে বর্ণনা করে বলেন, “লর্ডসের এমসিসি লাইব্রেরিতে বইটি অন্তর্ভুক্ত হওয়া আমার জন্য অত্যন্ত আবেগের এবং গর্বের বিষয়। এটি সেই সব বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সম্মান, যারা এই ঐতিহাসিক ম্যাচগুলোর সাক্ষী।”
বইটির যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ, ১০ নভেম্বর ২০০০ থেকে এবং এতে বর্তমান সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলকগুলো তুলে ধরা হয়েছে। ২০ হাজারের বেশি ক্রিকেট বিষয়ক বইয়ের সংগ্রহশালা এমসিসি লাইব্রেরিতে এই বইয়ের অন্তর্ভুক্তি গবেষক, ইতিহাসবিদ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশের টেস্ট ক্রিকেট ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
