মিরপুরের আউটফিল্ড যে কারণে এবার ভারী
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাধারণত আলোচনার কেন্দ্রে থাকে উইকেট, কিন্তু এবার চোখে পড়ছে ভারী আউটফিল্ড।
মিরপুর টেস্টে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দুই দলের ব্যাটিংয়েই একটি দৃশ্য চোখে পড়েছে নিয়মিত। ব্যাটার শট ঠিকঠাক খেলেছেন, টাইমিং দারুণ, ব্যাটে শব্দও মধুর, কিন্তু বল বাউন্ডারির দিকে ছুটতে গিয়েই যেন হঠাৎ হাঁপিয়ে উঠছে। গতি থেমে যাচ্ছে অচেনা এক দেয়ালে!
মাঠ দেখতে এমনিতে সবুজ মখমলের মতো। ঘাস ছাঁটা হয়েছে সুদৃশ্য করে। কিন্তু আউটফিল্ড এবার কিছুটা মন্থর। মিরপুরে সাধারণত আলোচনার কেন্দ্রে থাকে উইকেট। কিন্তু এবার চোখে পড়ছে ভারী আউটফিল্ড। প্রথম দিনের খেলা শেষেই সংবাদ সম্মেলনে মমিনুল হক তুলে ধরেছিলেন সেটি।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দেখা যায়, নিয়মিতই দুটো মেশিনে (এয়ারেটর) পুরো মাঠে জুড়ে ঘাষের নিচে মাটি আলগা করে ফেলা হচ্ছে। নিচের মাটির উপরিভাগের জমাট ভাব ভেঙে দেওয়া হচ্ছে। এই যেমন গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরও এটি করা হয়েছে—পুরো আউটফিল্ড ‘এয়ারেট’ করে ঘাসগুলোকে নতুন করে শ্বাস নেওয়ার সুযোগ দেওয়া হয়।
বিসিবি এখন মিরপুর, সিলেট, চট্টগ্রামে মাঠ পরিচর্যায় মাঠের ঘাষের সজীবতা ধরে রাখতে এই পদ্ধতিই ব্যবহার করছে। মিরপুরের কয়েকজন মাঠকর্মীর কথায় বোঝা গেল, এই পদ্ধতির প্রভাব চোখে পড়ার মতো। তাদের ভাষায়, আউটফিল্ড এখন অনেক বেশি সজীব। আগের তুলনায় ঘাস ঘন ও শক্ত। নিচের মাটি শুকিয়ে কাঠ হয়ে নেই। বল নিচে গেলে আগের মতো ‘হার্ড বাউন্স’ও করে না।
মিরপুরসহ বিসিবির নিয়ন্ত্রণে থাকা সব মাঠে সবকিছুই দেখভাল করেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমে্ট টনি হেমিং। অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ কিউরেটরকে বিসিবি গত আগস্টে বিপুল অঙ্কের বিনিময়ে দায়িত্বে এনেছে। টার্ফ ম্যানেজমেন্টে তার চার দশকের অভিজ্ঞতা, মৃত্তিকা বিশারদ হিসেবে খ্যাতি—সব মিলিয়ে তিনি এখন বিসিবির মাঠ ব্যবস্থাপনার প্রধান নকশাকার। তার পরিকল্পনাতেই এয়ারেশনসহ নতুন পরিচর্যার ধাপগুলো মাঠে প্রয়োগ করা হচ্ছে।
এই পদ্ধতি মাঠকে কতটা বদলে দিয়েছে, তার বর্ণনা দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মাঠকর্মী, “দুই–আড়াই মাস আগেও যে মাঠ ছিল, এখনকার চেহারা আলাদা। ঘাসের বুনন শক্ত হয়েছে, ঘনত্ব বেড়েছে। এয়ারেট করার ফলে নিচের মাটি শুকিয়ে থাকে না। ফলে ফিল্ডারদের চোটের ঝুঁকিও কম। মাঠ আগের চেয়ে অনেক ভালো।”
আরেকজন মাঠকর্মী জানালেন, আগের মতো এখন আর ভারী রোলার দিয়ে গোটা মাঠ রোল করা হয় না। মাঠ তাই অতটা শক্ত থাকে না।
মিরপুরের হেমিংয়ের সঙ্গে কাজ করছেন বিসিবি সিনিয়র কিউরেট বদিউল আলম খোকন। তিনি অবশ্য মন্থর আউটফিল্ড নিয়ে পরিস্কার কিছু বলতে চাইলেন না। তিনি দাবি করেন, মাঠ ঠিকই আছে।
‘‘এখন যে উইকেটে খেলা হচ্ছে, বাউন্ডারি সীমানা আগের চাইতে বড় করে ৬৫–৭০ গজে সরানো হয়েছে। শেষ কয়েকটা সিরিজ থেকেই বাউন্ডারি বড় রাখা হচ্ছে। তাই হয়তো কারও মনে হচ্ছে আউটফিল্ড ভারী। বাস্তবে তা নয়। পানি দেওয়া, আমরা নিয়মিত স্প্রে করছি। সার দিচ্ছি, ঘাসও কাটিং করছি। সব নিয়মেই হচ্ছে। মাঠ আগের তুলনায় অনেক উন্নত।’’
