পাকিস্তানি স্পিনারের হ্যাটট্রিক
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের এই অফ স্পিনার।
পাকিস্তানের জার্সিতে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেই দারুণ এক কীর্তি গড়লেন উসমান তারিক। দেশটির চতুর্থ বোলার হিসেবে এই সংস্করণে হ্যাটট্রিক উপহার দিলেন এই অফ স্পিনার।
রাওয়ালপিন্ডিতে রোববার ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন ২৭ বছর বয়সী উসমান তারিক।
তারিকের আগে টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে হ্যাটট্রিক করেছিলেন ফাহিম আশরাফ, মোহাম্মদ হাসনাইন ও মোহাম্মদ নাওয়াজ। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ফাহিম ও একই দলের বিপক্ষে ২০১৯ সালে হাসনাইন এবং গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে নাওয়াজ টানা তিন বলে তিন উইকেট নিয়েছিলেন।
জিম্বাবুয়ের রান তাড়ার ইনিংসে দশম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন তারিক। প্রথম ডেলিভারিতে কোনো রান নিতে পারেননি টনি মুনিয়োঙ্গা। পরের বলটি সুইপ করে শর্ট ফাইন লেগে ধরা পড়েন তিনি।
ওভারের তৃতীয় বলটি পা বাড়িয়ে খেলার চেষ্টায় বোল্ড হয়ে যান টাশিঙ্গা মুসেকিওয়া। পরের ডেলিভারিতে উড়িয়ে মেরে লং-অনে ধরা পড়েন ওয়েলিংটন মাসাকাদজা। হ্যাটট্রিকের উল্লাসে মেতে ওঠেন তারিক। ওভারের শেষ দুই বলেও আসেনি রান।
কোটার শেষ ওভারে এসে আরেকটি উইকেট নেন তারিক। ৪ ওভারে এক মেডেন দিয়ে ১৮ রান খরচায় ৪ শিকার ধরেন তিনি।
