১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

র‍্যাঙ্কিংয়ে রিতু-মারুফাদের উন্নতি

টি-টোয়েন্টি ব্যাটার ও বোলারদের তালিকায় উন্নতি করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন।

র‍্যাঙ্কিংয়ে রিতু-মারুফাদের উন্নতি
ছয় ধাপ এগিয়েছেন পেসার মারুফা আক্তার। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 07:05 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

দল বিশ্বকাপ থেকে বিদায় নিলেও, সেখানে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি ব্যাটার ও বোলারদের তালিকায় উন্নতি করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন।

যথারীতি মঙ্গলবার ঘোষিত মেয়েদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ১১ ধাপ এগিয়েছেন রিতু মনি। ছয় ধাপ উন্নতি করেছেন মারুফা আক্তার। পাঁচ ধাপ অগ্রগতি হয়েছে নাহিদা আক্তারের।

গত সপ্তাহে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৫ উইকেটে এবং দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে হারে নিগার সুলতানার দল। ওই দুটি ম্যাচে তিন উইকেট নেওয়া রিতু র‍্যাঙ্কিংয়ে এগিয়ে এখন ৭৫ নম্বরে আছে।

দুই ম্যাচ দুই শিকার ধরা পেসার মারুফার অবস্থান ৩৮তম। তিন উইকেট নিয়ে নাহিদা আছেন ২৭তম স্থানে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার উপরে রাবেয়া খান। এই লেগ স্পিনার এক ধাপ এগিয়ে এখন সপ্তদশ স্থানে আছেন।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চারানি। দুর্দান্ত পারফরম্যান্সে এক বছরের মধ্যে চূড়ায় ওঠেন তিনি। ব্যাটারদের তালিকায় আগের মতোই এক নম্বর অস্ট্রেলিয়ার জর্জ ভল।

ব্যাটারদের মধ্যে বাংলাদেশের সবার উপরে নিগার, এক ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে আছেন তিনি। বাংলাদেশের অধিনায়ক ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসেই ৩২ রান করেন।

ভারতের বিপক্ষে ২২ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৪২ রান করা সোবহানা মোস্তারির অগ্রগতি চার ধাপ, অবস্থান ৪০তম। ছয় ধাপ এগিয়ে তার চার ধাপ পরেই আছেন শারমিন আক্তার।

ভারতের বিপক্ষে ৩৩ রান করে ৭ ধাপ এগিয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস। প্রথম একশ জনের মধ্যে ঢুকছেন এই ওপেনার, আছেন ৯৬তম স্থানে।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।