Published : 11 Jun 2026, 10:25 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় এমনিতেই বিশেষ কিছু। প্রথমবার জয় তো আরও বিশেষ। তাসকিন আহমেদ সেখানে আরও তৃপ্তির উপলক্ষ পাচ্ছেন উইকেটের কারণেও। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে স্পোর্টিং উইকেটে খেলে এমন সাফল্য পাওয়ায় উচ্ছ্বাসিত অভিজ্ঞ এই পেসার। হাসতে হাসতে তিনি বললেন, এই জয় তো ধানক্ষেতে নয়!
কৃষিপ্রধান বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে মিশে আছে ধানক্ষেত। তবে প্রসঙ্গ যখন ক্রিকেট, এটিই তখন ছিল বড় অস্বস্তির নাম। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট এতটাই বাজে ছিল যে, এটিকে ধানক্ষেত বলেই মজা করা হতো একসময়। সেসব দিন এখন অতীত। সিরিজের পর সিরিজ স্পোর্টিং উইকেটে খেলেই জিতে চলেছে বাংলাদেশ।
এই নিয়ে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। এর মধ্যে প্রথমটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে দেখা গেছে মিরপুরের সেই চেনা মন্থর ও টার্নিং উইকেট। তবে পরের তিনটি সিরিজেই পাকিস্তান, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ধরা দিল ঘাসের ছোঁয়া থাকা উইকেটে।
জয়ের নায়কদের একজন তাসকিন সংবাদ সম্মেলনে বললেন, ভালো উইকেটে খেলে জয়ের আনন্দ আরও বেশি।
“এটা একটা দারুণ অনুভূতি যে অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো (পারফরম্যান্স হচ্ছে) আর কী। এবার কেউ উইকেট নিয়েও কিছু বলতে পারবে না। ভালো উইকেটে খেলছি। এমন নয় যে ধানক্ষেত বা কোনো ক্ষেত। আমরা ভালো উইকেটে খেলছি, ভালো দলের সঙ্গে জিতছি। কাজেই এটা অসাধারণ অর্জন।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয় দেশের ক্রিকেটে আলাদা জায়গা নিয়েই থাকবে বলে মনে করেন তাসকিন। সেখানেও আবার বললেন ভালো উইকেটে জিততে পারার স্বস্তির কথা।
“এটা অনেক স্মরণীয়। শুধু আমার জন্য নয়, এখনও পর্যন্ত সবার জন্য। কারণ, আমরা এই প্রথম সিরিজ জিতলাম ওদের সঙ্গে। আরেকটা ম্যাচ বাকি, আশা করি ওটাও ভালোভাবে শেষ হবে। কিন্তু এটা স্মরণীয় হয়ে থাকবে। স্বস্তির জায়গা এটাই যে, আমরা ভালো উইকেটে খেলেই জিতছি, ভালো ক্রিকেট খেলছি।”
“প্রথম ম্যাচটাতেও ভালো ব্যাটিং করছি আমরা। হয়তো মাঝখানে কিছু উইকেট না পড়লে তিনশর বেশি রানও হতো। ওইটা একটা ভালো ম্যাচ ছিল। আজকেরটা একটু লড়াই হলো। একটা স্বস্তির জায়গা যে অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে আমরা জিতলাম। হয়তো ওদের তিন-চারজন ক্রিকেটার আসে নাই। তবু অস্ট্রেলিয়ার সেই সামর্থ্য আছে ভালো উইকেটে ভালো ক্রিকেট খেলার। আমরা আসলে ভালো ক্রিকেট খেলেই জিতেছি, এটাই সবচেয়ে স্বস্তির জায়গা।”
দেশের মাঠে এই ধরনের উইকেটে খেলার বড় একটি কারণ তুলে ধরলেন তাসকিন। দেশের মাঠে আগেও নানা সময়ে দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য পেয়েছে বাংলাদেশ। কিন্তু বড় আসরে বড় এখনও ধরা দেয়নি দেশের ক্রিকেটে। তাসকিন জানালেন, সেই অপূর্ণতা ঘোচানোর ভাবনা থেকেই এই ধরনের উইকেটে খেলার পরিকল্পনা করা হয়েছে।
“আসলে এই যে দল হিসেবে গত বছরখানেক ধরে আমরা আস্তে আস্তে বেড়ে উঠছি, ভালো উইকেটে, ভালো কন্ডিশনে খেলে উন্নতি করছি… লক্ষ্য কিন্তু একটাই বড় টুর্নামেন্টগুলোতে ভালো ফলাফল করা। এটা এখনও ওভাবে হয় নাই। এজন্যই আমাদের বোর্ড এবং ক্রিকেটার সবাই মিলেই যেটা চাচ্ছে যে, ভালো কন্ডিশনে খেলে খেলে আমাদের স্কিলে উন্নতি করা, মানিয়ে নেওয়া।
“অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা, যখনই যেখানে খেলা হবে, ওখানে একটু বাড়তি বাউন্স থাকবে নিশ্চিতভাবেই। যতটা এরকম ভালো উইকেটে খেলব, কিছুটা হলেও মানিয়ে নেওয়া সহজ হবে এবং ভবিষ্যতে তা কাজে দেবে।”