সাত-আটে খেলেই দলের সফলতম ব্যাটসম্যান মিরাজ, অন্যরা কেন ব্যর্থ
লোয়ার-মিডল অর্ডারে ব্যাট করেও এই বছর ও এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সর্বোচ্চ রান মিরাজের, টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ।
প্রথম দিন তাইজুল ইসলাম। পরদিন হাসান মাহমুদ। তৃতীয় দিনে মুশতাক আহমেদ। ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজ। মিরপুর টেস্টের চার দিনে সংবাদ সম্মেলনে বাংলাদেশের চার প্রতিনিধি। প্রথম দুজন বোলার, পরের জন স্পিন বোলিং কোচ। শেষ দিনে একজন স্পিনিং অলরাউন্ডার। প্রথম দিনেই ১০৬ রানে গুটিয়ে যাওয়া দল, দ্বিতীয় ইনিংসেও যাদের টপ ও মিডল অর্ডার মুখ থুবড়ে পড়েছে, তাদের ব্যাটিং নিয়ে কথা বলা বা ব্যাখ্যা করার মতো একজনও পাওয়া গেল না টেস্টজুড়ে।
বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি যেমন এতে ফুটে উঠছে, তেমনি এটি তুলে ধরছে ব্যাটসম্যানদের পলায়নপর মানসিকতাও। ক্রিজে যেমন তারা টিকতে পারছেন না, তেমনি মাইক্রোফোনের সামনে আসতেও নারাজ। সেই ব্যর্থ ব্যাটসম্যানদের একজন, টেস্ট হারার পর দলীয় ব্যর্থতা ব্যাখ্যা করা, কৌশলগত নানা প্রশ্নের জবাব দেওয়াসহ সতীর্থদের আড়াল করার জন্য হলেও অধিনায়ক হিসেবে যার এগিয়ে আসার কথা, সেই নাজমুল হোসেন শান্ত বিস্ময়করভাবে এলেন না ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে।
যিনি এলেন, সেই মিরাজকে অবশ্য এখন মূল ব্যাটসম্যানদের কাতারেই ফেলা যায়। এই বছর বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রান তার। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রেও সবচেয়ে বেশি রান তারই। স্রেফ দুই-এক ম্যাচে নয়, এতটা সময় ধরে যিনি দলের সফলতম ব্যাটসম্যান, বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের কাতারে তাকে না রাখা অন্যায়।
সমস্যা হলো, মিরাজ রানগুলি করেছেন লোয়ার মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে ব্যাট করে। এবারের টেস্ট চ্যাম্পিনশিপে ১৬ ইনিংসে ৪২.৬১ গড়ে ৫৫৪ রান তার। ওই ১৬ ইনিংসের ৮টি তিনি খেলেছেন ৮ নম্বরে, ৬টিতে ব্যাট করেছেন ৭ নম্বরে, ২টি ৯ নম্বরে।
এই বছর তার রান বাংলাদেশের সর্বোচ্চ ৪৬১। যথারীতি এসব পজিশনে ব্যাট করেই।
সাত-আটে খেলে যদি কেউ দলের সফলতম ব্যাটসম্যান হয়, তাহলে সেই দলের টপ অর্ডারদের অবস্থা সহজেই অনুমেয়!
টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে ওপেনার সাদমান ইসলামের গড় ১০ ইনিংসে ২৭.৫৫, সমান ইনিংসে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ের গড় ২৩.৭০। মিরপুরে একাদশে জায়গা না পাওয়া ওপেনার জাকির হাসানের গড় ১৬ ইনিংসে ২০.৭৩।
অধিনায়ক শান্ত ১৭ ইনিংসে ৪৩৮ রান করেছেন ২৫.৭৬ গড়ে। সমান ইনিংস খেলে মুমিনুল হকের গড় ৩১.৮৬, লিটন দাসের গড় ১২ ইনিংসে ২৫.৫০। মুশফিকুর রহিম ১৩ ইনিংসে ৪৫২ রান করেছেন ৩৭.৬৬ গড়ে। তার এক ইনিংস থেকেই এসেছে ১৯১ রান। সাকিব আল হাসান এই সময়ে ৯ ইনিংসে রান করেছেন ১৯.৩৭ গড়ে। শাহাদাত হোসেন ৮ ইনিংসে ১৪.৭৫ গড়ে রান করার পর জায়গা হারিয়েছেন দলে।
সংখ্যাগুলি প্রতিটি ব্যাটসম্যানের জন্যই বিব্রতকর। দল হিসেবে বাংলাদেশের ব্যাটিং দীনতাও ফুটে উঠছে এতে।
ও হ্যাঁ, নিজের মূল কাজেও যথারীতি সফল মিরাজ। এই বছর তার উইকেট ৭ টেস্টে ২৬টি। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ টেস্টে ৩৪টি। দুটিই দলের সর্বোচ্চ।
বোলিংয়ের এই পারফরম্যান্স তো প্রত্যাশিতই। ব্যাটিংয়ে তার আলোর ছটাই তাই নজর কাড়ছে বেশি, বিশেষ করে, অন্যদের ব্যাট যখন পড়ে আছে আঁধারে।
সফল ব্যাটসম্যান মিরাজের কাছ থেকেই ম্যাচশেষে শুনতে হলো দলের ব্যাটিং ব্যর্থতার খতিয়ান। অন্য ব্যাটসম্যানদের সমস্যা কোথায় হচ্ছে, সেটির একটু আভাসও দিলেন তিনি।
“দুর্ভাগ্যজনকভাবে আমরা ব্যাটসম্যানরা রান করতে পারিনি। দ্বিতীয় ইনিংসের রান যদি প্রথম ইনিংসে হতো, তাহলে খেলাটা ভিন্ন হতে পারত। কিন্তু প্রথম ইনিংসেই ১০৬ রানে অলআউট হয়ে আমরা পেছনে পড়ে গেছি। দুই সেশনের আগেই অলআউট হয়েছি। টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংস খুবই গুরুত্বপূর্ণ।”
“ব্যাটিংয়ে ডিসিশান মেকিং খুব খুব গুরুত্বপূর্ণ। হয়তো আমাদের কিছু কিছু জায়গায় ঘাটতি হচ্ছে, এজন্য ব্যাটিংয়ে ভুল করছি আমরা। ওপরের দিকে জুটি খুব গুরুত্বপূর্ণ। টপ অর্ডার থেকে যদি ভালো একটা শুরু দেওয়া যায়, তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য সহজ হতো কাজ।
এই চক্রের ৯ টেস্টে ১৮ ইনিংসে বাংলাদেশ কেবল একবারই সাড়ে তিনশ ছুঁতে পেরেছে। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের ৫৬৫ রানের সেই দলীয় ইনিংস দিয়েই উদাহরণ তুলে ধরলেন মিরাজ। এই অলরাউন্ডারের মতে, টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করলে তার নিজের রানগুলি আরও বেশি কার্যকর হতো দলের জন্য।
“ওপর থেকে যদি রান আসতো, তাহলে দলের জন্য ভালো হতো। তখন যদি আমি এই সাপোর্ট দিতাম, দল হয়তো আরও ভালো ফল করত। আমাদের ব্যাটসম্যানরা এই ৯ টেস্টে যতটুকু করেছে, এর চেয়ে যদি আর পঞ্চাশ শতাংশ ভালো করত, তাহলে আরেকটু ভালো হতো। আমাদের ব্যাটসম্যানরা কিছু ইনিংস খেলেছে, কিন্তু বড় হয়নি। যে ৭০ করেছে, সে যদি ১০০ করত এবং যে ৩০ করেছে, সে যদি ফিফটি করত, চিত্র ভিন্ন হতো।
“পাকিস্তানে যে ম্যাচে আমরা পাঁচশ করেছিলাম, তখন টপ অর্ডারে সাদমান ভালো ইনিংস খেলেছিলেন, সৌরভ ভাই (মুমিনুল) ভালো করেছিলেন, মুশফিক ভাই ১৯০ করেছিলেন, লিটনও ফিফটি করেছিল। তখন আমার ৭৭ রানের অবদানে দল পাঁচশ পার করেছিল। এখানে পার্থক্য হলো, টপ অর্ডার যদি ভালো করে ও রান করে, তাহলে আমাদের জন্য কাজ সহজ হয়ে যায়।”
মিরাজ যে কাজটা পারছেন, সেটি বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা কেন পারছেন না, সেই প্রশ্ন বারবারই উঠল সংবাদ সম্মেলনে। মিরাজ দু-একবার আভাস দিয়েও সেটির গভীরে গেলেন না। তবে নিজে কীভাবে সাফল্যের পথ খুঁজে নিয়েছেন, সেটি তুলে ধরলেন তিনি।
“আমার কাছে ভালো লাগছে যে, সুযোগ কাজে লাগাতে পারছি। কারণ আমি যেখানে ব্যাট করছি, কাজটা অনেক কঠিন। হয়তো আমি ভালো খেললে দল ভালো জায়গায় যাবে, আমি খারাপ খেললে দল ফলাফল করবে না। মানসিকভাবে চেষ্টা করছি নিজে ভালো খেলতে। খেয়াল করেছি, আমি রান করলে দল উপকৃত হয়। এজন্য প্রতিটি দিন চেষ্টা করছি ব্যাটিংয়ে উন্নতি করতে। ক্যারিয়ারের শুরুতে আমার গড় ছিল দেড়। কিন্তু উন্নতি করার চেষ্টা করেছি এবং সেভাবে কাজ করছি।”
বয়সভিত্তিক ক্রিকেটে ব্যাটে-বলে মিরাজ পারফর্ম করেছেন সমান তালে। সত্যিকার অর্থেই তখন ‘জেনুইন অলরাউন্ডার ছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে বোলার হিসেবে অভাবনীয় সাফল্যের পর তার পরিচয় অনেক দিন ছিল শুধু বোলারই। প্রথম পাঁচ টেস্ট শেষে তার গড় ছিল দশের নিচে। বিশ টেস্ট শেষে গড় ছিল বিশের নিচে।
তবে সাম্প্রতিক পরিসংখ্যানেই ফুটে উঠছে তার উন্নতির ছবিটা। এই টেস্ট শেষে তার ব্যাটিং গড় ২৩.৩৬, তার ক্যারিয়ারের যা সর্বোচ্চ।
মিরাজ জানালেন, ব্যাটিং নিয়ে অনেক খাটুনির পুরস্কারই পাচ্ছেন তিনি।
“আমাকে অনেক সময় নতুন বলে ব্যাটিং করতে হয়… ৮০ ওভারের পর ব্যাট করতে হয়, বোলারদের নিয়ে ব্যাট করতে হয়। আমি ওখানে উন্নতি করার চেষ্টা করেছি, অনুশীলন করেছি, মানসিকভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করেছি যে কীভাবে ব্যাট করব, আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে টিকে থাকব…। শুধু টিকে থাকার জন্যই নয়, কীভাবে রান করতে পারি, বোলারদের ওপর দাপট দেখাতে পারি, এগুলো নিয়ে কাজ করেছি।”
কাজ তো অনেকেই করছেন। অন্যরা তাহলে কেন পারছেন না? মিরাজ আর অন্যদের কাজের পার্থক্যও তাহলে এখন বের করা জরুরি হয়তো কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টের জন্য।
