ইংল্যান্ডের ‘বাজবল’ মোকাবেলায় ভারতের অস্ত্র ‘ভিরাটবল’
ভারতের স্পিনারদের বিপক্ষে কেমন করে ইংলিশদের আগ্রাসী ক্রিকেটের কৌশল, দেখতে মুখিয়ে আছেন সুনিল গাভাস্কার।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যবধান গড়ে দিতে পারেন ভিরাট কোহলি, মনে করছেন সুনিল গাভাস্কার। উত্তরসূরির ফর্মের ধারাবাহিকতা তার এই বিশ্বাসের কারণ। ভারতের এই ব্যাটিং কিংবদন্তির মতে, টেস্টে আগ্রাসী ব্যাটিংয়ের পথ বেছে নেওয়া ইংলিশদের মোকাবেলা করতে ভারতের অস্ত্র হবে ‘ভিরাটবল।’
গত কয়েক মাস ধরে ইংলিশদের প্রতিটি টেস্ট সিরিজে ‘বাজবল’ থাকে আলোচনার কেন্দ্রে। ব্যতিক্রম নয় তাদের এবারের ভারত সফরও। চলমান সেই আলোচনায় যোগ দিয়েছেন গাভাস্কারও। তার মতে, প্রতিপক্ষের এই কৌশলের জবাব দিতে তাদের দলে আছে সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলি।
একশর বেশি টেস্ট খেলে প্রায় ৫০ গড়ে কোহলি করেছেন ৯ হাজারের কাছাকাছি রান। এই সংস্করণের তার সেঞ্চুরি ২৯টি, ফিফটি ৩০টি। ইংল্যান্ডের বিপক্ষেও কোহলির পারফরম্যান্স ভালো। ২৮ টেস্ট খেলে ৪২ গড়ে করেছেন ৩ হাজার ৮২৪ রান। পাঁচ সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেছেন ৯টি। আর ঘরের মাঠে কোহলির গড় ৬০ এর বেশি।
সব মিলিয়ে তাই উত্তরসূরিকে নিয়ে আত্মবিশ্বাসী গাভাস্কার।
“কোহলির সমান সংখ্যক সেঞ্চুরি ও ফিফটি আছে, এর মানে তার পঞ্চাশকে সেঞ্চুরিতে পরিণত করার হার ভালো। সে যেভাবে ব্যাটিং করছে, তার (উইকেটে) বিচরণ ভালো মনে হচ্ছে। সে যে ফর্মে আছে, বলতে পারি বাজবল মোকাবেলায় আমাদের ভিরাটবল আছে।”
ইংল্যান্ডের ‘বাজবল’ কৌশল ভারতের মাটিতে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দিহান অনেকেই। সেই তালিকায় আছেন গাভাস্কারও। স্পিন সহায়ক উইকেটে ইংলিশদের আগ্রাসী ব্যাটিং কতটা কাজ করে দেখতে মুখিয়ে আছেন তিনি।
“গত এক-দুই বছর ধরে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে নতুন ঘরানার সঙ্গে মানিয়ে নিয়েছে। এটি আগ্রাসী ক্রিকেটের কৌশল, যেখানে ব্যাটসম্যানরা আক্রমণ করতে চায়। পরিস্থিতি যা-ই হোক না কেন, তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায়। ভারতের স্পিনারদের বিপক্ষে এই কৌশল কাজ করে কি-না, এটা দেখা হবে রোমাঞ্চের।”
পাঁচ ম্যাচের আলোচিত সিরিজটির প্রথম টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার, হায়দরাবাদে।
