ইংল্যান্ডের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার’ রাশিদ
মিতব্যয়ী বোলিংয়ে বড় অবদান রাখা আদিল রাশিদকে প্রশংসায় ভাসালেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
ব্যাটসম্যানদের দাপটে অসহায় দিন বোলারদের। তবে উজ্জ্বল ব্যতিক্রম আদিল রাশিদ। বাকিদের ওভারপ্রতি ৮-১০ রান খরচের ম্যাচে আঁটসাঁট বোলিংয়ে রাশিদ দিলেন ৬ রানের কম, নিলেন আন্দ্রে রাসেলের মহাগুরুত্বপূর্ণ উইকেট। দারুণ জয়ের পর অভিজ্ঞ এই লেগ স্পিনারকে প্রশংসায় ভাসান জস বাটলার।
সেন্ট লুসিয়ায় বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইটের যাত্রা শুরু করেছে ইংল্যান্ড। ৪৭ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংসে তাদের জয়ের নায়ক ফিল সল্ট। ২৬ বলে ৪৮ রান করে বড় অবদান রাখেন জনি বেয়ারস্টোও।
দুজনের ব্যাটিং তাণ্ডবে অনেকটাই আড়ালে চলে গিয়েছিল রাশিদের বোলিং। আগে ব্যাট করে ঝড়ের আভাস দেওয়া ক্যারিবিয়দের থামিয়ে রেখে ৪ ওভারে মাত্র ২১ রান খরচ ১ উইকেট নিয়েছিলেন ৩৬ বছর বয়সী লেগ স্পিনার।
কোনো উইকেট না হারিয়ে ৮ ওভারে ৭২ রান করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর বোলিংয়ে আনা হয় রাশিদকে। টানা ৩ ওভারের স্পেলে মাত্র ১৯ রান দেন তিনি। তার বলে শুধু একটি ছক্কা মারতে পারেন জনসন চার্লস।
এরপর ১৭তম ওভারে আক্রমণে ফেরানো হয় রাশিদকে। এবার ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই রাসেলকে থামান তিনি। সব মিলিয়ে ওভারে খরচ মাত্র ২ রান। মিতব্যয়ী ৪ ওভারে স্বাগতিকদের আটকে রাখার কাজটা ভালোভাবেই সারেন তিনি।
অথচ প্রথম রাউন্ডের চার ম্যাচের তিনটিতেই ভীষণ খরুচে ছিলেন রাশিদ। ওমানের বিপক্ষে শুধু ৪ ওভারে ১১ রানে নেন ৪ উইকেট। এছাড়া স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া ও নামিবিয়ার বিপক্ষে তার খরচ ওভারপ্রতি দশের বেশি রান।
সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চমৎকার বোলিংয়ে ম্যাচ জেতানোয় বড় অবদান রাখায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাশিদকে প্রশংসায় ভাসালেন বাটলার।
“আমরা সবসময়ই এটি বলি যে, সে (রাশিদ) আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বেশ লম্বা সময় ধরেই সে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার বোলিংয়ে অনেক বৈচিত্র্য আছে এবং উইকেট নেওয়ার মতো হুমকি জাগায় সে। একইসঙ্গে রানও আটকে রাখে।”
একই মাঠে বাংলাদেশ সময় শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড।
