মিডিয়া কমিটি থেকে সরিয়ে দেওয়ার পর বিসিবি পরিচালক আমজাদের পদত্যাগ
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের ছয় মাস হওয়ার আগেই পদত্যাগ করলেন এই নিয়ে দুজন পরিচালক।
ঈদের ছুটি শেষ হয়নি এখনও। এর মধ্যেই বেশ তোলপাড় পড়ে গেছে বিসিবির পরিচালনা পর্ষদে। বোর্ডের মিডিয়া কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় আমজাদ হোসেনকে। পরে তিনি সরে দাঁড়ান বিসিবির পরিচালনা পর্ষদ থেকেই।
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস হওয়ার আগেই পদত্যাগ করলেন এই নিয়ে দুজন পরিচালক। আমজাদের আগে বোর্ড ছেড়েছেন ইশতিয়াক সাদেক।
রোববার রাত সাড়ে ১১টার পর সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে আমজাদ হোসেনের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মো. মোখছেদুল কামালকে। এর পরপরই ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দেন আমজাদ।
পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করেছেন এই সংগঠক। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি ছোট্ট কথায় যা বললেন, তাতে সত্যিকারের কারণটি ফুটেই উঠল।
“গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদ চাইলে যে কোনো দায়িত্বে পরিবর্তন আনতেই পারে। আমাকেও মিডিয়া কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে, এই বোর্ডে যখন ভ্যালু অ্যাড করতে পারছি না, তখন আর পরিচালক পদে থাকারও কোনো মানে নেই।”
গত অক্টোবরে বিসিবি নির্বাচনে জিতে প্রথমবার পরিচালনা পর্ষদে জায়গা করে নেন আমজাদ। পরে তাকে মিডিয়া কমিটির চেয়ারম্যান ও অর্থ কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। সেই পথচলার শেষ হলো এবার।
বিসিবির ওয়েবসাইটে অবশ্য এসব হালনাগাদ করা হয়নি, এখনও দুটি দায়িত্বেই তাকে দেখানো হচ্ছে।
গত ২৪ জানুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেখিয়ে পদত্যাগ করেন ইশতিয়াক সাদেক। যদিও তার ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছিল, বোর্ডের পরিচলনগত নানা কিছুতে অসন্তুষ্টি থেকেই তিনি দায়িত্ব ছেড়েছেন।
