পাকিস্তান ম্যাচেও বুমরাহকে বিশ্রাম দেওয়ার পরামর্শ গাভাস্কারের
ফাইনালের জন্য সতেজ রাখতে পরের দুই ম্যাচে তারকা এই পেসারকে ভারতের খেলানো উচিত নয় বলে মনে করছেন দেশটির ব্যাটিং গ্রেট।
এশিয়া কাপের পরের ধাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। ওমানের বিপক্ষে ম্যাচটি তাই ভারতের জন্য একরকম নিয়মরক্ষার। এমন লড়াইয়ে জাসপ্রিত বুমরাহর খেলার প্রয়োজনীয়তা দেখছেন না সুনিল গাভাস্কার। এই ম্যাচ তো বটেই, সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেও তারকা পেসারকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট।
স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করে ভারত। পরে পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় তারা।
দুবাইয়ে শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে ভারত। ম্যাচটিকে সুপার ফোরের জন্য প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন গাভাস্কার। তার মতে, ওমানের বিপক্ষে ব্যাটসম্যানদের খেলার সুযোগ করে দিতে পারে ভারত।
আসরে প্রথম দুই ম্যাচেই রান তাড়া করে ভারত। প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৯ উইকেটে জেতে তারা। পাকিস্তান ম্যাচে জয় আসে ৭ উইকেটে। এবার তাই সুযোগ থাকলে আগে ব্যাটিং নেওয়ার পরামর্শ দিয়েছেন গাভাস্কার।
“ভারত (ওমানের বিপক্ষে) আগে ব্যাটিংয়ের কথা বিবেচনা করবে এবং একই উদ্বোধনী জুটি রাখবে, এমনটাই ভাবতে চাই আমি। তিন নম্বরে সম্ভবত (বদল আনা যেতে পারে), অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ নিচে নেমে তিলাক ভার্মাকে ক্রিজে আরও কিছুটা সময় কাটানোর সুযোগ দিতে পারে। সাঞ্জু স্যামসনকেও ব্যাটিংয়ের সুযোগ দেওয়া যেতে পারে। এতে কেবল পাকিস্তান ম্যাচের জন্যই নয়, সুপার ফোরে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ম্যাচের জন্যও ব্যাটসম্যানরা কিছুটা অনুশীলনের সুযোগ পাবে।”
আসরে প্রথম দুই ম্যাচেই বুমরাহকে খেলায় ভারত। আরব আমিরাতের বিপক্ষে ৩ ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট নেন অভিজ্ঞ পেসার। পাকিস্তান ম্যাচে ৪ ওভারে ২৮ রান খরচায় ধরেন ২ শিকার।
আসছে ম্যাচে বুমরাহকে বসিয়ে বেঞ্চের কাউকে সুযোগ দিতে বললেন গাভাস্কার। আগামী রোববারের পাকিস্তান ম্যাচেও ডানহাতি পেসারকে ভারতের একাদশে দেখতে চান না তিনি।
“আমি মনে করি, জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়া উচিত, পাকিস্তান ম্যাচেও হতে পারে। এতে ২৮ সেপ্টেম্বর, রোববারের বড় ম্যাচে (ফাইনাল) তাকে (ফিট অবস্থায়) পাওয়া যাবে…ভারতের সেদিকে নজর দেওয়া উচিত।”
