২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিকে পিএসএল ফেরানোর ভাবনা পিসিবির

টুর্নামেন্টের বাকি অংশ পাকিস্তানেই আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড।

সপ্তাহের শেষ দিকে পিএসএল ফেরানোর ভাবনা পিসিবির
ছবি: পিএসএল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 10:12 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

ভারতের সঙ্গে সংঘাত আপাতত বন্ধ, তাই যত দ্রুত সম্ভব পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ শেষ করতে চায় কর্তৃপক্ষ। স্থগিত করা টুর্নামেন্ট চলতি সপ্তাহের শেষ দিকেই পুনরায় শুরু করার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, সোমবার ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে দিনক্ষণ ও ভেন্যু নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছে পিসিবি।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের হামলার পর করাচিতে পিএসএলের বাকি অংশ আয়োজনের পরিকল্পনা করে পিসিবি। পরে শুক্রবার সকালে তারা জানায়, আসরের বাকি ৮ ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু ওইদিনই রাতে অনির্দিষ্টকালের জন্য পিএসএল স্থগিত করে দেওয়া হয়। বোর্ডের পক্ষ থেকে তখন বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সীমান্তে পাল্টাপাল্টি হামলার চার দিনের মাথায় যুদ্ধবিরতিতে যায় ভারত ও পাকিস্তান। গত শনিবার বিকাল থেকে এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্য দিয়ে দুই দেশের গত কয়েক দশকের সবচেয়ে বড় সংঘাতের ‘আপাতত’ ইতি ঘটে।

তাতে পরিস্থিতি কিছুটা অনুকূলে আসায় পিএসএলের বাকিটা দ্রুত আয়োজন করতে চাইছে পিসিবি। পাকিস্তানেই পুনরায় টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে দেশটির ক্রিকেট বোর্ড। 

পিএসএল আবার শুরু হলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে ফ্র্যাঞ্চাইজিগুলো। টুর্নামেন্ট স্থগিতের পর উদ্বেগ নিয়ে পাকিস্তান ছাড়েন প্রায় সব বিদেশি ক্রিকেটার। ক্রিকইনফোর ধারণা, তাদের বেশিরভাগই ফিরতে নারাজ। তবে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এখন আশায় আছে বিদেশিদের পাওয়ার।

পাশাপাশি সম্প্রচারকদের সঙ্গেও নতুন করে বসতে হবে পিসিবিকে। আগামী ১৮ মে ফাইনাল পর্যন্ত চুক্তি ছিল তাদের। পুনরায় টুর্নামেন্ট শুরু করলে স্বাভাবিকভাবেই বাড়বে সময়। আর এটা নিয়ে করতে হবে আলোচনা।

পিএসএলের সময় বাড়লে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের আসন্ন সিরিজের ওপর এর প্রভাব পড়বে। পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী ২১ মে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশে। মাঠের লড়াই শুরু হওয়ার কথা ২৫ মে।

সিরিজটি ভবিষ্যৎ অবশ্য এমনিতেই ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। ‘যুদ্ধ পরিস্থিতিতে’ পাকিস্তানে যাওয়া নিয়ে সংশয়ে আছে বাংলাদেশ। তবে এখনও বাতিল করে দেওয়া হয়নি সফরটি।

দুইদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে।