২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল ফাইনালে তামিমকে সম্মাননা দেবে বিসিবি

বিপিএলের ফাইনালে শুক্রবার বিশেষ একটি আয়োজন থাকবে বাংলাদেশের সফলতম ওপেনারের জন্য, বিসিবি এরকম পরিকল্পনা ছিল সাকিব আল হাসনকে ঘিরেও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 09:02 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

এবারের বিপিএলের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর আগে আরেকটি আয়োজনও থাকবে। বিশেষ সেই আয়োজন তামিম ইকবালের জন্য। বাংলাদেশের সফলতম ওপেনারকে সম্মাননা জানাবে বিসিবি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া এই ব্যাটসম্যানের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ ও দেশের ক্রিকেটে তার অবদানকে সম্মানের প্রয়াস হিসেবে বিসিবির এই উদ্যোগ।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফীস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, সাকিব আল হাসানের সম্ভাব্য বিদায় ঘিরেও এমন ভাবনা তাদের ছিল।

“এটা আমাদের নর‌ম্যাল প্র্যাকটিসের অংশ। একজন ক্রিকেটার ১৬-১৭ বছর দেশের হয়ে খেলেছেন, তাকে তো সম্মান জানাতেই হবে। এমন একজন ক্রিকেটার বা যে কোনো ক্রিকেটারই হোক, বিদায় বেলায় আমরা সম্মান জানাতে চাই।”

“তামিম মাঠ থেকে বিদায় নিলে হয়তো আমরা মাঠেই আয়োজন রাখতাম। বিপিএলের ফাইনালে আমরা সেই সুযোগটা পাচ্ছি। সাকিবের বিদায়ী টেস্ট নিয়েও আমাদের এরকম পরিকল্পনা ছিল।”

গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে পেয়েছিলেন সাকিব। তবে নানা ঘটনাপ্রবাহের জের ধরে আর দেশে ফিরতে পারেননি তিনি। সামনের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা ছিল তার। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি তার। দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের অবসরও তাই এখন অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। 

তামিম অবসরের ঘোষণা দেন এই বিপিএল চলার সময়। বিপিএলের সিলেট পর্বের সময় গত ১০ জানুয়ারি রাতে সামাজিক মাধ্যমে তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায় শেষ।

তিন সংস্করণ মিলিয়ে ৩৯১ ম্যাচ আর ১৫ হাজার ২৪৯ রান নিয়ে শেষ হয়েছে তামিমের ক্যারিয়ার। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আন্তজার্তিক ক্রিকেটে তিনি দ্বিতীয় সফলতম। ১৫ হাজার ৩০০ রান নিয়ে সবার ওপরে মুশফিকুর রহিম। এছাড়াও অনেক রেকর্ড-অর্জন ধরা দিয়েছে তামিমের গৌরবময় পথচলায়, ব্যাটিং মাইলফলকের অনেকগুলোতে তিনি ছিলেন দেশের প্রথম। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক স্মরণীয় মুহূর্ত দেশকে উপহার দিয়েছে তার ব্যাট।

২০২৩ সালের সেপ্টেম্বরে দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জার্সিতে শেষবার মাঠে নেমেছেন তিনি। ওই সিরিজের পর ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এরপর তার আর ফেরা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে।

বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালের হয়ে টানা দ্বিতীয় ট্রফির আশায় মাঠে নামবেন তামিম।