২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনশর বেশি রানে চোখ রাখছেন অধিনায়ক

টুর্নামেন্টের ভেন্যু বিবেচনায় সব ম্যাচেই তিনশর বেশি রান প্রয়োজন হতে পারে, মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 06:27 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

দুবাইয়ের ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু, পরে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই মাঠের উইকেটই সাধারণত থাকে ব্যাটিং সহায়ক। লড়াইয়ের আশা জিইয়ে রাখতে তাই তিনশর বেশি রান করার বিকল্প নেই, মনে করেন নাজমুল হোসেন শান্ত। 

আইসিসি টুর্নামেন্টে প্রায় সবসময় রাখা হয় স্পোর্টিং উইকেট। রাওয়ালপিন্ডির উইকেট এমনিতেই ব্যাটিং সহায়ক। দুবাইয়ে কখনও কখনও উইকেট কিছুটা মন্থর থাকলেও বেশির ভাগ সময় কথা বলে ব্যাটসম্যানদের হয়েই। 

ওয়ানডেতে সার্বিকভাবে গত দুই বছর তেমন ভালো কাটেনি বাংলাদেশের। ২০২৩ সালে ৩২ ম্যাচে জয় মাত্র ১১টি। গত বছর ৯ ম্যাচ খেলে তারা জিততে পেরেছি ৩টিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে একাধিক ম্যাচে ভালো পুঁজি নিয়েও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডেতে ২৯৪ রান করেও জিততে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে অভিষিক্ত আমির জাঙ্গুর বিধ্বংসী সেঞ্চুরির কারণে ৩২১ রানও যথেষ্ট হয়নি সফরকারীদের জন্য। 

ওই ম্যাচের আগে তিনশ ছাড়ানো সবশেষ ম্যাচে ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। সবশেষ ২৫ ওয়ানডেতে ওই দুবারই শুধু তিনশ ছুঁতে পেরেছে বাংলাদেশ। 

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে দুবাইয়ে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই মাঠে আইসিসির পূর্ণ সদস্য দেশের মধ্যে সবশেষ ওয়ানডে হয়েছে ২০১৯ সালে। পাকিস্তানের বিপক্ষে ৩২৭ রান করে ২০ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।

দুবাই পর্ব শেষে নিউ জিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাওয়ালপিন্ডিতে যাবে বাংলাদেশ। ওই মাঠের সবশেষ ওয়ানডে ২০২৩ সালের এপ্রিলে। নিউ জিল্যান্ডের করা ৩৩৬ রান টপকে সেদিন সহজে জিতে যায় পাকিস্তান। এর আগের ম্যাচে ২৮৮ রান করেও জিততে পারেনি কিউইরা। 

ব্যাটিং সহায়ক এসব মাঠের পরিসংখ্যান থেকে নিজেদের করণীয় ভালোভাবেই বুঝে গেছেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বললেন, তিনশ না করার বিকল্প নেই। 

“এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। বাড়তি চাপও থাকবে, প্রতিটা দলের জন্য। আমি পাকিস্তানে আশা করছি তিনশর বেশি রানই হবে। আগে ব্যাটিং করলে এই ধরনের স্কোর অবশ্যই করতে হবে। আমদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এমন রান ডিফেন্ড করা লাগবে। তিনশর বেশি রান আশা করছি।” 

“দুবাইয়ে একেক সময় একেক রকম হয়। তবু আমার মনে হয় ২৬০ থেকে ২৮০ রানের ভেতরে থাকবে। এভাবে সংখ্যা অনুমান করা কঠিন। তবে অতীতের পরিসংখ্যান দেখলে (রান) এমনই থাকে। তাই নির্দিষ্ট দিনে উইকেটটা দেখে কত রান করা দরকার বা কত রানে আটকানো দরকার এই জিনিসগুলো বিশ্লেষণ করব।”

বড় স্কোর গড়ার ঘাটতির প্রসঙ্গে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচটি শেষে পুনেতে শান্ত বলেছিলেন, দেশে নিয়মিত ব্যাটিং সহায়ক উইকেটে খেলতে হবে। এবারের বিপিএলে তার সেই চাওয়ার প্রতিফলন পড়েছে। বিপিএলে এবার বেশির ভাগ ম্যাচে উইকেট ছিল ব্যাটিং সহায়ক। রান উঠেছে প্রচুর, ছক্কা হয়েছে রেকর্ড সংখ্যক। 

বিপিএলের উইকেট নিয়ে যদিও শান্ত এখনই উচ্ছ্বাসে ভেসে যেতে চান না। তবে সংস্করণ ভিন্ন হলেও আত্মবিশ্বাসটুকু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে লাগবে বলেই মনে করেন অধিনায়ক। 

“(উইকেট নিয়ে) এত অল্পতে খুশি হয়ে যাবেন না যেন! মাত্র শুরু হলো। বিপিএলে খুব ভালো উইকেট ছিল। ব্যাটাররা ভালোভাবে ব্যাটিং করেছে, বোলারদের কষ্ট হয়েছে। তবে এটা মাত্র শুরু। আরও ভালো উইকেট হওয়া সম্ভব। এরপর ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) আছে, ফার্স্ট ক্লাস আছে। লম্বা সময় ধরে এমন উইকেট পেলে সহায়তা হবে।”

“এবার ভালো উইকেট হওয়ায় ব্যাটাররা আত্মবিশ্বাসী আছে। বোলাররাও কোথায় বল করতে হবে, এসব ধারণা আগের চেয়ে ভালো।”

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ।