২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ওভাল টেস্টে ‘ডে ফর থর্পি’

ইংল্যান্ড-ভারতের ওভাল টেস্টের দ্বিতীয় দিনে স্মরণ করা হবে গ্রাহাম থর্পকে, সারে ও ইংল্যান্ডের প্রয়াত ব্যাটিং গ্রেটকে নিয়ে থাকবে নানা আয়োজন।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ওভাল টেস্টে ‘ডে ফর থর্পি’
'ডে ফর থর্পি'। ছবি: সারে ক্রিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 09:37 AM

Updated : 26 Aug 2026, 01:25 PM

প্রথম শ্রেণির ক্রিকেটে গোটা ক্যারিয়ার সারে কাউন্টি ক্লাবের হয়েই খেলেছেন গ্রাহাম থর্প। ওভাল ছিল তার ঘরের মাঠ। এই ক্লাব ও এই আঙিনা মিশে ছিল তার ক্রিকেট ও জীবনের সঙ্গে। সেখানেই এখন স্মরণ করা হবে তাকে। চলতি অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ওভাল টেস্টের একটি দিন উৎসর্গ করা হচ্ছে ইংল্যান্ডের প্রয়াত ব্যাটিং গ্রেটকে। আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ডে ফর থর্পি।’

সতীর্থ ও ক্রিকেট সংশ্লিষ্টরা তাকে ‘থর্পি’ নামেই ডাকতেন। ইংল্যান্ড-ভারতের ওভাল টেস্টের দ্বিতীয় দিনটিকে বেছে নেওয়া হয়েছে এই আয়োজনের জন্য, যেটি থর্পের জন্মদিন।

বেঁচে থাকলে এই ১ অগাস্ট জীবনের ইনিংসে ৫৬ বছর পূর্ণ হতো তার। ৫৫তম জন্মদিনের তিন দিন পর গত ৪ অগাস্ট তিনি মারা যান ট্রেনে কাটা পড়ে। পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন মানসিক অবসাদ ও অসুস্থতার সঙ্গে লড়াই করে আত্মহত্যা করেছেন ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্ট খেলা এই ব্যাটসম্যান।

থর্পের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ‘ডে ফর থর্পি’ আয়োজনের মূল ব্যাপারটিই থাকবে মানসিক অবসাদ নিয়ে সচেতনতা ছড়ানো ও গোপন না করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করা। মানসিক স্বাস্থ্য বিষয়ক চ্যারিটি সংস্থা ‘মাইন্ড’-এর জন্য তহবিল সংগ্রহের উদ্যোগও থাকছে এখানে।

বিশেষ একটি হেডব্যান্ড বিক্রি করা হবে এই আয়োজনের অংশ হিসেবে, যেটির নকশা করা হয়েছে থর্পের স্ত্রী অ্যামান্ডা ও দুই মেয়ে কিটি ও অ্যামার সঙ্গে সমন্বয় করে। এই হেডব্যান্ড বিক্রির অর্থ পাবে ‘মাইন্ড।’

থর্পকে যারা দেখেছেন বা অনুসরণ করেছেন, হেডব্যান্ড বিক্রির ব্যাপারটি তারা খুব সহজেই বুঝতে পারবেন। এটিই ছিল তার প্রতীক। ক্যারিয়ারজুড়ে হেডব্যান্ড পরে তিনি খেলেছেন।

হেডব্যান্ড বিক্রি ও অনুদানের অর্থের একটি অংশ পাবে ‘থর্পি’স ব্যাট অ্যান্ড চ্যাট’ নামক আরেকটি চ্যারিটি সংস্থাও। ক্রিকেটের মাধ্যমে মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা দেওয়া নিয়ে যারা কাজ করছে। থর্পের পরিবার এই সংস্থাকে সহায়তা করে আসছে নানাভাবে।

থর্পের স্ত্রী অ্যামান্ডা বিবিসি ব্রেকফাস্টকে জানালেন এই আয়োজন নিয়ে তার রোমাঞ্চ।

“এই দিনটি হবে খুবই শক্তিশালী। আমরা তাকে উদযাপন করতে চাই, তার স্মৃতিকে স্মরণ করতে চাই। তার আলো এতটাই উজ্জ্বল ছিল, তা রয়ে যাবে আমাদের সঙ্গে।”

থর্পের মেয়ে কিটি বললেন, মানসিক অবসাদ ও আত্মহত্যা করে মৃত্যুকে ঘিরে যে লুকোচুরি আর সঙ্কোচ, সেই ধারণা তারা ভেঙে দিতে চান।

“মৃত্যু ও কষ্টের মতো ব্যাপারগুলি নিয়ে খুব আলোচনা হয় না। সবারই তা অবধারিত। আমরা এসবের মধ্যেই থাকি। আত্মহত্যা করে মৃত্যুর ব্যাপার যদি হয়, তা হয়ে ওঠে আরও বড় ট্যাবু।”

“আমরা জানি, এসব নিয়ে কথা বলা কঠিন, লোকে চায় না ভুল কিছু উপস্থাপন করতে। তবে এটিকে ঘিরে থাকা সঙ্কোচ সামলাতে তা সহায়তা করে না। ব্যাপারটিকে আমরা যেভাবে দেখি, তা পরিবর্তন করা উচিত। এজন্যই আমরা ‘মাইন্ড’ সংস্থার সঙ্গে কাজ করছি এখানে সহায়তা করতে।”

নব্বই দশকের মাঝামাঝি থেকে এই শতাব্দির শুরুর সময়টা পর্যন্ত ইংল্যান্ডের মিডল অর্ডারের মেরুদণ্ড ছিলেন থর্প। ১৯৯৩ সালে অভিষেক টেস্টেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ বাঁচানো সেঞ্চুরি করে ও ম্যান অব দা ম্যাচ হয়ে শুরু হয় থর্পের ক্যারিয়ার। এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্ট খেলে ১৬ সেঞ্চুরিতে ৪৪.৬৬ গড়ে করেছেন ৬ হাজার ৭৪৪ রান।

অ্যাশেজে তার সেঞ্চুরি তিনটি। অস্ট্রেলিয়ায় তার ব্যাটিং গড় ৪৮.১৮। পাকিস্তান ও শ্রীলঙ্কায় সেঞ্চুরি করে সিরিজ জয়ে ভূমিকা রাখা, ক্রাইস্টচার্চে মাত্র ২৩১ বলে ডাবল সেঞ্চুরি করে দলকে জেতানোসহ ইংল্যান্ডের স্মরণীয় কিছু সাফল্যের নায়ক তিনি। ৮২ ওয়ানডে খেলে রান করেছেন প্রায় আড়াই হাজার। খেলেছেন ১৯৯৬ ও ১৯৯৯ বিশ্বকাপে।

একসময় আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর ব্যাটসম্যান ছিলেন তিনি। ওয়ানডেতে ছিলেন সেরা দশে।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ সেঞ্চুরিতে তার রান প্রায় ২২ হাজার। এর মধ্যে কাউন্টি দল সারের হয়েই ৩০ সেঞ্চুরিতে করেছেন ১২ হাজারের বেশি রান।

খেলা ছাড়ার পর কোচিংয়ে সম্পৃক্ত হন থর্প। শুরুতে অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসের ব্যাটিং কোচ ছিলেন তিনি। সেই সময়ে তরুণ স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে তিনি কাজ করেছেন। পরে ব্যাটিং কোচ হয়ে ফেরেন নিজের কাউন্টি সারেতে। সেই পথ ধরে ইংল্যান্ড লায়ন্স বা ‘এ দলে কাজ করার পর জাতীয় দলের ব্যাটিং কোচ, সহকারী কোচ হিসেবে কাজ করেছেন লম্বা সময়। ২০১৯ বিশ্বকাপ জয়ী দলেও তিনি ছিলেন সহকারী কোচ।

কোচ হিসেবে সাফল্য ছাড়াও ইংল্যান্ডের ক্রিকেট মহলে তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। তরুণ রুটকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পোক্ত করে তোলায় তার ভূমিকার ছিল উজ্জ্বল।

২০২২ সালে তিনি আফগানিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব নেন। তবে অসুস্থতার কারণে কাজ শুরু করতে পারেননি। ক্রিকেটেও তার ফেরা হয়নি আর।