২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ বছর পর ‘শততম ওয়ানডে’ ক্যাপ পেলেন ভিনসেন্ট

একশতম ওয়ানডে খেলার প্রায় ১৭ বছর পর বিশেষ স্মারক পেলেন নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লু ভিনসেন্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 04:06 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

শততম ওয়ানডে খেলার বিশেষ স্বীকৃতি প্রায় ১৭ বছর পর পেয়েছেন লু ভিনসেন্ট। মাইলফলকটি ছোঁয়ার জন্য নিউ জিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানকে স্মারক উপহার দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

চলতি মাসের শুরুতে অকল্যান্ডে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে ভিনসেন্টের হাতে বিশেষ ক্যাপ তুলে দেন কিউই কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি। ভিনসেন্টের পরিবারের সদস্য ও সাবেক সতীর্থরা এতে উপস্থিত ছিলেন।

২০০১ থেকে ২০০৭ পর্যন্ত বিস্তৃত ক্যারিয়ারে ২৩ টেস্ট, ১০২ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলেন ভিনসেন্ট। ২০০৭ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলেন ক্যারিয়ারের একশতম ওয়ানডে ম্যাচ।

তিন সংস্করণ মিলিয়ে ৬ সেঞ্চুরি, ২০ ফিফটিতে প্রায় ৪ হাজার রান করেন ভিনসেন্ট। এরপর এখন বিলুপ্ত হওয়া ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) টুর্নামেন্টে খেলেন তিনি। 

কাউন্টি ক্রিকেটে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অপরাধে ২০১৪ সালে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত বছর অবশ্য এই শাস্তি প্রত্যাহার করে তারা। এখন ধীরে ধীরে ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে শুরু করেছেন ভিনসেন্ট।

নিউ জিল্যান্ড অধ্যায় শেষ করার প্রায় দেড় যুগ পেরিয়ে যাওয়ার পর বিশেষ স্মারক পেয়ে আপ্লুত ৪৫ বছর বয়সী ভিনসেন্ট। অস্ট্রেলিয়ান দৈনিক দ্য পোস্টে দেওয়া সাক্ষাৎকারে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

“আমার ক্রিকেট ক্যারিয়ারের স্বীকৃতি পাওয়ার দারুণ একটি সুন্দর ব্যবস্থা ছিল। ওই রাতের উপলক্ষ্য কাজে লাগিয়ে ভালো ও খারাপ সময়ে সবসময় আমার পাশে মানুষদের ধন্যবাদ জানাতে পারা আমার জন্য দারুণ ব্যাপার ছিল। খুবই স্মৃতিময় ও বিশেষ রাত ছিল।”  

নিউ জিল্যান্ড ক্রিকেটের (এনজেসি) প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক জানিয়েছেন, প্রায় ১৩ বছর ধরে ভিনসেন্টের হাতে এই বিশেষ ক্যাপ তুলে দেওয়ার অপেক্ষায় ছিল দেশটির ক্রিকেট বোর্ড।