প্রথম বলেই উইকেট নিয়ে স্বপ্নের শুরু নেপালি স্পিনারের
নেপাল প্রিমিয়ার লিগে দুর্দান্ত বোলিং করা স্পিনার স্বীকৃত ক্রিকেটে যাত্রা শুরু করলেন বিশ্বকাপে প্রথম বলেই উইকেট নিয়ে।
লেগ-মিডলে থাকা নীরিহ এক ডেলিভারি। ফিল সল্ট চাইলেন গায়ের জোরে স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মারতে। কিন্তু ব্যাটের ওপরের কানায় লেগে বল উঠে গেল ওপরে। শর্ট ফাইন লেগে ক্যাচ নিলেন সান্দিপ লামিছানে। বোলার শের মাল্লাকে তখন পায় কে! খ্যাপাটে দৌড়ে ছুটতে থাকলেন তিনি দিগ্বিদিক। এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে লুটোপুটি খেলেন মাটিতে।
বিশ্বকাপে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেট এমনকি স্বীকৃত ক্রিকেটেই মাল্লার প্রথম ম্যাচ এটি। সেখানেই প্রথম বলে উইকেট, সেটিও সময়ের সবচেয়ে বিধ্বংসী ওপেনারদের একজনের, উদযাপন এমন বাঁধনহারা তো হবেই!
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই স্বাদ পান মাল্লা। ম্যাচের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারের প্রথম ডেলিভারিতে এই অফ স্পিনার বিদায় করেন সল্টকে।
এরপর ওভারটি অবশ্য ভালো কাটেনি তার। জেকব বেথেলের ব্যাটে হজম করেন দুটি চার ও একটি ছক্কা। প্রথম ওভারে ১৪ রান দেওয়ার পর আবার বোলিংয়ে আসেন তিনি পাওয়ার প্লের শেষ ওভারে। এবারও তাকে ছক্কা ও চার মারেন বেথেল। ওভারে এবার রান দেন ১৩।
তবে এই ওভারেও আরেকটা সুযোগ এসেছিল। ফুল টসে সোজা ব্যাটে মেরেছিলেন টম ব্যান্টন। বলে হাত ছোঁয়ালেও মুঠোয় জমাতে পারেননি মাল্লা।
গত ডিসেম্বরে নেপাল প্রিমিয়ার লিগে অসাধারণ বোলিং করে নজর কাড়েন মাল্লা। ওভারপ্রতি মাত্র সাড়ে ছয় করে রান দিয়ে উইকেট নেন ১৭টি, যৌথভাবে যা ছিল টুর্নামেন্টের সর্বোচ্চ। ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট পুরস্কারও জেতেন ২৩ বছর বয়সী স্পিনার। অফ স্পিনার হলেও আধুনিক স্পিনারদের মতো নানা বৈচিত্র আছে তার বোলিংয়ে।
প্রথম ম্যাচে খরুচে হলেও শুরুটা নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে তার কাছে। নেপালের হয়ে টি-টোয়েন্টিতে প্রথম বলেই উইকেট নিয়েছেন এর আগে পারাস খাড়কা, আরিফ শেখ ও কুশাল ভুর্তেল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বলে উইকেট শিকারের কীর্তি আগে ছিল পাঁচ বোলারের- ফিদেল এডওয়ার্ডস, প্রাজ্ঞান ওঝা, পারাস খাড়কা, নাদিম আহমেদ ও খুররাম খান।
সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বলে উইকেট শিকারীর সংখ্যাটি কম নয়। তাদের মধ্যে সবচেয়ে কৌতূহল জাগানিয়া নামিটি সম্ভবত ভিরাট কোহলি। ২০১১ সালে তিনি আউট করেছিলেন কেভিন পিটারসেনকে। মজার ব্যাপার হলো, কোনো বৈধ ডেলিভারির আগেই উইকেট পেয়েছিলেন তিনি। ওয়াইড বলে স্টাম্পড হয়েছিলেন পিটারসেন।
ক্যারিয়ারের প্রথম দুই বলেই উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্যাসপ্রোইজ। সেটি ছিল ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে সেটির পুনরাবৃত্তি করেন লকি ফার্গুসন। প্রথম দুই ডেলিভারিতে নিউ জিল্যান্ডের ফাস্ট বোলার বিদায় করেন সাব্বির রহমান ও সৌম্য সরকারকে।
পাপুয়া নিউ গিনির উইলি গাভেরা উইকেট নিয়েছিলেন প্রথম ও তৃতীয় ওভারে।
বাংলাদেশের বোলারদের মধ্যে এই স্বাদ পেয়েছেন কেবল একজনই। ২০১৯ সালে জিম্বাবুয়ের ব্রেন্ডান টেইলরকে আউট করেন তাইজুল ইসলাম।
