১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চান্ডিগাড় স্টেডিয়ামে ইউভরাজ ও হারমানপ্রিতের নামে স্ট্যান্ড

ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে স্ট্যান্ডগুলো উদ্বোধন করা হয়।

চান্ডিগাড় স্টেডিয়ামে ইউভরাজ ও হারমানপ্রিতের নামে স্ট্যান্ড
হারমানপ্রিত কৌর ও ইউভরাজ সিং। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 11:10 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ভারতের পুরুষ ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার ইউভরাজ সিং ও নারী দলের বর্তমান অধিনায়ক হারমানপ্রিত কৌরকে সম্মানিত করেছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। নিউ চান্ডিগাড়ের মহারাজা ইয়াদাভিন্দ্রা সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে তাদের নামে।

বৃহস্পতিবার ভারত ও দক্ষিণ আফ্রিকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে স্ট্যান্ডগুলো উদ্বোধন করা হয়। এই সময় দুই ক্রিকেটারের পরিবারের সদস্য, বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইউভরাজ। ২০০০ সালে ভারতের হয়ে অভিষেক হয় তার। ৪০ টেস্ট, ৩০৪ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন ২০১৭ সালে।

আগ্রাসী মিডল অর্ডার ব্যাটসম্যান ও কার্যকর বাঁহাতি স্পিনার ইউভরাজ ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের অংশ ছিলেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ে তার ছিল উল্লেখযোগ্য ভূমিকা। ভারতের সফল অভিযানে ৩৬২ রান করার পাশাপাশি ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট-সেরা নির্বাচিত হন তিনি।

হারমানপ্রিতের নেতৃত্বে সম্প্রতি প্রথমবারের মতো উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত। ২০০৯ সালে ভারতের হয়ে অভিষিক্ত ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন ৬ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১৮২ টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডেতে তার রান ৪ হাজার ৪০৯, টি-টোয়েন্টিতে ৩ হাজার ৬৫৪।