‘খাওয়াজা ও লাবুশেন চায়নি আমি ওপেনিংয়ে ব্যাট করি’
মিডল অর্ডারে ফেরার জন্য তিনি অনুরোধ করেননি বলেও দাবি করলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান স্মিথ।
টেস্ট ক্রিকেটে ওপেনিং থেকে সরে যাওয়া নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যানের অভিযোগ, তার ওপেনিংয়ে ব্যাটিং করা পছন্দ করতেন না উসমান খাওয়াজা ও মার্নাস লাবুশেন। আর এটিই তার চার নম্বরে ফিরে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে। মিডল অর্ডারে ফেরার জন্য তিনি অনুরোধ করেননি বলেও দাবি করলেন স্মিথ।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি গত সপ্তাহে নিশ্চিত করেন, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও মিডল অর্ডারে ফিরবেন স্মিথ। ক্যামেরন গ্রিন চোটে পড়ার আগেই অধিনায়ক প্যাট কামিন্স ও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে আলোচনার পর স্মিথ মিডল অর্ডারে ফেরার অনুরোধ করেছিলেন বলে জানান বেইলি।
পরে ম্যাকডোনাল্ড সপ্তাহান্তে এবিসি রেডিওর সঙ্গে আলাপে বলেন, তিনি ও কামিন্সই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং এখানে স্মিথের কোনো প্রভাব ছিল না।
শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার বিপক্ষে নিউ সাউথ ওয়েলসের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে সোমবার সংবাদমাধ্যমকে স্মিথ বললেন, তিনি চার নম্বরে ফেরার অনুরোধ করেননি। বরং ম্যাকডোনাল্ড তাকে জিজ্ঞেস করেছিলেন যে, তার পছন্দের ব্যাটিং পজিশন কোনটা।
“আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি কোথায় ব্যাট করতে পছন্দ করব, আমি বলেছিলাম, চার নম্বরে। যদিও আমি (ওপেনিং থেকে সরে যাওয়ার কথা) বলিনি। এটাও বলেছিলাম, যেখানেই ব্যাটিং করি না কেন আমি খুশি। আমি সত্যিই খুব বেশি বিচলিত নই। গত সপ্তাহে কিছু ব্যাপার দেখেছি যে, আমি নাকি চারে ব্যাট করার অনুরোধ করেছি। আমি বলেছিলাম, যেখানেই ব্যাট করতে দেওয়া হোক কেন, সেখানে ব্যাট করতে পেরে আমি খুশি। তবে হ্যাঁ, চার নম্বর আমার আদর্শ পজিশন।”
তার ওপেনিংয়ে নামা নিয়ে ওপেনার খাওয়াজা ও তিন নম্বরে খেলা লাবুশেন অসন্তোষ প্রকাশ করেছিলেন বলেও দাবি করলেন স্মিথ।
“গ্রিনি (ক্যামেরন গ্রিন) ছিটকে যাওয়ায় অবশ্যই সেখানে (চার নম্বরে) এখন একটা জায়গা তৈরি হয়েছে। নিউ জিল্যান্ড সিরিজের পর, বিশেষ করে মার্নাস (লাবুশেন) ও উজির (উসমান খাওয়াজা) সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল, তারা আমার ওপরে ব্যাটিং করা পছন্দ করত না। আমাকে তাদের নিচে ব্যাটিংয়ে চেয়েছিল তারা।”
গত অস্ট্রেলিয়ান গ্রীষ্মে ডেভিড ওয়ার্নার টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ওপেনার হিসেবে নিজের নাম তুলে ধরেন স্মিথ। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত ওপেনারদের রেখে স্মিথকে বেছে নেওয়ায় অস্ট্রেলিয়ান ক্রিকেটে তখন আলোচনা-সমালোচনা হয় প্রবল।
নতুন ভূমিকায় ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে তেমন ভালো করতে পারেননি তিনি। দেশের মাটিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম তিন ইনিংসে করেন ১২, অপরাজিত ১১ ও ৬, পরের ইনিংসে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে কিছুটা আশা জাগিয়ে তুললেও, নিউ জিল্যান্ড সফরে চার ইনিংসে করেন ৩১, শূন্য, ১১ ও ৯।
সব মিলিয়ে ওপেনিংয়ে আট ইনিংসে তিনি মাত্র ১৭১ রান করতে পারেন ২৮.৫০ গড়ে।
সাদা পোশাকে সবচেয়ে বেশি সফল তিনি চার নম্বরে। এই পজিশনে ১১১ ইনিংসে ৬১.৫০ গড়ে তার রান ৫ হাজার ৯৬৬। সেঞ্চুরি ১৯টি।
