Published : 16 Sep 2026, 12:01 PM
হ্যারি ব্রুকের প্রতিভা ও সামর্থ্য নিয়ে আলোচনা তো কতই হয়েছে। তিন সংস্করণ মিলিয়ে তিনি এখন অনেকের চোখেই বিশ্বের সেরা ব্যাটসম্যান। তবে এবার তার প্রতিভার বড় এক স্বীকৃতি দিলেন বেন স্টোকস। শ্রীলঙ্কার বিপক্ষে ব্রুকের বিধ্বংসী শতরানের পর ইংল্যান্ডের সদ্য বিদায়ী অধিনায়ক বলছে, এই ব্যাটসম্যানের প্রতিভার ধারেকাছে নেই এমনকি কেভিন পিটারসেনও।
পিটারসেনকে টেনে আনার কারণও সহজেই বোধগম্য। এমনিতে প্রতিভার ওজন বা পরিমাপ করার কোনো যন্ত্র নেই, তুলনা করার নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই। তবে সাধারণ ক্রিকেটীয় ধারণা, আধুনিক যুগে ইংল্যান্ডের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান মনে করা হয় পিটারসেনকে। দুর্দান্ত স্ট্রোক প্লে আর সাহসী ব্যাটিং দিয়ে ইংলিশ ক্রিকেট নতুন ঘরানার জন্ম হয়েছিল তার হাত ধরে।
এখন এই ঘরানার ব্যাটসম্যানের অভাব নেই ইংলিশ ক্রিকেটে। তাদের মধ্যেও সবাইকে ছাড়িয়ে ব্রুককে অনেকটা ওপরে দেখেন স্টোকস।
লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মঙ্গলবার সাউথ্যাম্পটনে ১০ চার ও ৬ ছক্কায় ৪৯ বলে ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ব্রুক। এই সিরিতে তাকে বিশ্রাম দিতে চেয়েছিলেন নির্বাচকরা। কিন্তু তিনি নিজের আগ্রহেই খেলছেন এবং প্রথম ম্যাচে ধ্বংস করলেন লঙ্কানদের। ২০ ওভারে ২৫৪ রান তুলে তার দল জিতেছে ১১৯ রানে।
ব্রুকের ইনিংসটি দেখার পর সামাজিক মাধ্যমে নিজের ভাবনা তুলে ধরেন স্টোকস। সংশয়বাদীদের জন্যেও বার্তা আছে তার কথায়।
“আমার মনে হয় না যে, প্রতিভার দিক থেকে কেপির (পিটারসেন) মতো জিনিয়াসও হ্যারি ব্রুকের প্রতিভার কাছাকাছি আসতে পারবে।
এই ধরনের ক্রিকেটার যারা, তাদের ধরনটা যেমন, সেটি নিয়ে তাদের ভালো-মন্দ সব দিনেই প্রশংসা করা কি সত্যিই এত কঠিন? পাশাপাশি, এমন সব কাজের জন্য তাদের তিরস্কার করা বন্ধ করাও কি কঠিন, যা আমরা কোনোদিন, কোনোদিন, কোনোদিন করার কথা ভাবতেও পারি না, কারণ সেভাবে চিন্তা করার মতো যোগ্যতা আমাদের নেই?
সাবেক সতীর্থের জন্য সরাসরি বার্তাও দিলেন স্টোকস।
“তুমি একদম একটা ফ্রিক, হ্যারি। তোমার খেলা দেখাটা দারুণ।”
ব্রুক ইনিংসটি খেলেছেন পিটারসেনের সামনেই। ইংল্যান্ডের সাদা বলের দলের স্পেশালিস্ট মেন্টর হিসেবে এই ম্যাচ দিয়েই।