২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ের প্রধান কোচ প্রথম শ্রেণিতে ১৪ হাজার রান করা লঙ্কান ব্যাটসম্যান

এশিয়া কাপ সামনে রেখে শ্রীলঙ্কার জার্সিতে ৩৯ টেস্ট খেলা কৌশাল সিলভাকে নিয়োগ দিয়েছে দলটি।

হংকংয়ের প্রধান কোচ প্রথম শ্রেণিতে ১৪ হাজার রান করা লঙ্কান ব্যাটসম্যান
শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান কৌশাল সিলভা। ছবি: হংকং ক্রিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 04:41 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

এশিয়া কাপ সামনে রেখে কোচিং স্টাফে পরিবর্তন এনেছে হংকং। শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান কৌশাল সিলভাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।

আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে হংকং।

২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত শ্রীলঙ্কার জার্সিতে ৩৯ টেস্ট খেলেন সিলভা। পরের বছর থেকে মনোযোগ দেন কোচিং পেশায়। শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় কোচিং করান তিনি।

তবে প্রথমবারের মতো কোনো জাতীয় দলের কোচের দায়িত্ব পেলেন ৩৯ বছর বয়সী এই সিলভা। তার প্রথম বড় কোনো টুর্নামেন্ট হতে যাচ্ছে এশিয়া কাপ। 

২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন সিলভা। এই সংস্করণে ২০৯ ম্যাচ খেলে ৪১ সেঞ্চুরি, ৫৪ ফিফটি ও ৪৬.৪৪ গড়ে প্রায় ১৪ হাজার রান (১৩ হাজার ৯৩২) করেন এই কিপার-ব্যাটসম্যান। তিন সেঞ্চুরি ও ১২ ফিফটিতে টেস্টে তার রান ২ হাজার ৯৯।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪৮ ম্যাচে সিলভার রান ৩ হাজার ৯৫৩, সেঞ্চুরি ৬টি ও ফিফটি ২২টি। আর ৩০ স্বীকৃত টি-টোয়েন্টি খেলে ২ ফিফটিতে করেন ৪০৪ রান।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবশেষ খেলে হংকং। সেখানে ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে হেরে যায় তারা।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আছে হংকং। সেখানে তাদের অন্য দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আফগানিস্তান ম্যাচের এক দিন পর বাংলাদেশের মুখোমুখি হবে হংকং। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।