১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাবাদার চোটে দলে ফিরলেন এনগিডি

পাঁচ মাস পর লাল বলের ক্রিকেটে ফেরার সম্ভাবনায় এই পেসার।

রাবাদার চোটে দলে ফিরলেন এনগিডি
দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডি। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 04:49 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

কাগিসো রাবাদার চোটের কারণে পেস আক্রমণে নতুন শক্তি যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন লুঙ্গি এনগিডি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের কলকাতা টেস্টে পাঁজরের চোটের কারণে খেলতে পারেননি রাবাদা। তার বিকল্প হিসেবেই এনগিডিকে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রোটিয়াদের স্কোয়াডে। রাবাদা অবশ্য দলের সঙ্গেই আছেন, তবে তিনি এখনো চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।

এনগিডি ফেরায় ভিয়ান মুল্ডার, কর্বিন বশ ও মার্কো ইয়ানসেনকে নিয়ে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ শক্তিশালী হয়েছে।

গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সবশেষ লাল বলে খেলেছেন এনগিডি। প্রোটিয়াদের ওই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার, দ্বিতীয় ইনিংসে ৩৮ রান দিয়ে নিয়েছিলেন তিন উইকেট। 

২০ টেস্টে এখন পর্যন্ত তার শিকার ৫৮ উইকেট, ২৩.৩৭ গড়ে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারীরা ১৫ বছর পর ভারতের বিপক্ষে স্মরণীয় টেস্ট জয় পেয়েছে। কলকাতায় মন্থর উইকেটে প্রথম ম্যাচে তারা স্বাগতিকদের ৩০ রানে হারায়।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী শনিবার, গুয়াহাটির এ সি এ স্টেডিয়ামে।